জুলাইয়ে কি বাড়ছে মহার্ঘ ভাতা? অষ্টম বেতন কমিশন ও নতুন ডিএ নিয়ে কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় আপডেট

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। ২০২৬ সালের জুলাই মাসের মহার্ঘ ভাতা বা ডিএ সংশোধন নিয়ে জল্পনা শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী ডিএ ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। প্রতি বছর নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে বছরের দুবার এই হার সংশোধন করা হয়ে থাকে।

এদিকে, বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত অষ্টম বেতন কমিশন বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ধারাবাহিক বৈঠক করে চলেছে। সম্প্রতি জয়পুরে এই কমিশনের একটি বৈঠক শেষ হয়েছে। এরপর আগামী ৯ সেপ্টেম্বর পুদুচেরিতে এবং ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর চণ্ডীগড়ে পরবর্তী বৈঠকগুলি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া আগামী ৭ ও ৮ অক্টোবর বেঙ্গালুরুতেও বৈঠকের সূচি নির্ধারিত হয়েছে।

কর্মচারী ইউনিয়ন এবং বিভিন্ন সংগঠনগুলি অষ্টম বেতন কমিশনের কাছে বড় দাবি পেশ করেছে। অতীতে ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশনের সময় ফিটমেন্ট ফ্যাক্টর যথাক্রমে ১.৮৬ এবং ২.৫৭ রাখা হলেও, এবার ৩.৬১ থেকে ৪.০০ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি তুলছে বিপিএমএস, এনসি-জেসিএম এবং এইডেফ-এর মতো সংগঠনগুলি।

সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা সেরে এই কমিশন ২০২৭ সালের মে থেকে জুন মাসের মধ্যে সরকারের কাছে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেবে বলে আশা করা হচ্ছে। বেতন, ভাতা এবং পেনশনের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে কি না, তা সম্পূর্ণভাবে এই কমিশনের সুপারিশ এবং পরবর্তী সময়ে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

Pratik Saha
  • Pratik Saha