ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আত্মজীবনীতে প্রধানমন্ত্রী মোদির বিশেষ বার্তা! ‘I Am Giorgia’-র ভারতীয় সংস্করণে ‘নারীশক্তি’র জয়গান

বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আত্মজীবনী। এবার সেই সাড়া জাগানো বইয়ের ভারতীয় সংস্করণ বাজারে আসতে চলেছে, যার ভূমিকা লিখেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!
মেলোনির আত্মজীবনীর নাম ‘I Am Giorgia: My Roots, My Principles’। রূপা পাবলিকেশনের হাত ধরে এটি ভারতে মুক্তি পাবে। এই আত্মজীবনীতে মেলোনি নিজের “হৃদয় ও মনের এক স্পষ্ট আভাস” দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি তাঁর লেখায় মেলোনির জীবন সংগ্রাম ও নেতৃত্বকে বিশেষভাবে তুলে ধরেছেন।
মোদি বললেন, মেলোনির জীবন ‘ক্ষমতা-নির্ভর নয়’
প্রধানমন্ত্রীর মোদির কথায়, ইতালির প্রধানমন্ত্রীর জীবন “কখনও রাজনীতি বা ক্ষমতার উপর নির্ভর করেনি।” বরং তা “তাঁর সাহস, দৃঢ় বিশ্বাস, জনসেবা এবং ইতালির জনগণের প্রতি অঙ্গীকারের উপর নির্ভর করেছে।”
দীর্ঘ ১১ বছরে বহু বিশ্বনেতার সঙ্গে মোদির আলাপ হয়েছে, কিন্তু মেলোনির জার্নি তাঁকে বিশেষভাবে ছুঁয়েছে। মোদি লিখেছেন, জর্জিয়া মেলোনির জীবন “ব্যক্তিগত গল্পকে ছাড়িয়ে আরও বৃহত্তর কিছুর সঙ্গে কথা বলে”। তাঁর এই “অনুপ্রেরণামূলক এবং ঐতিহাসিক” যাত্রা বইটিকে “অত্যন্ত বিশেষ” করে তুলেছে।
সন্দেহ দূর করে দেশেকে ‘শক্তি ও স্থিতিশীলতা’ দিয়েছেন মেলোনি
দায়িত্ব নেওয়ার সময় মেলোনির নেতৃত্ব নিয়ে সংবাদমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ সন্দিহান ছিলেন। সেই বিষয়টিও মোদি তাঁর ভূমিকায় উল্লেখ করেছেন। কিন্তু মোদির মতে, মেলোনি একজন “অসাধারণ নেতা” হিসেবে তাঁর দেশকে “শক্তি এবং স্থিতিশীলতা” প্রদান করেছেন। তিনি সর্বদা “বাস্তববাদী এবং বিশ্বব্যাপী কল্যাণকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
‘নারীশক্তি’র প্রতীক মেলোনি: মোদির বিশেষ সংযোগ
প্রধানমন্ত্রী মোদি মেলোনির উত্থানকে ভারতীয় ঐতিহ্যের ‘নারীশক্তি’-র ধারণার সঙ্গে সংযুক্ত করেছেন। তিনি লিখেছেন, মেলোনির গল্প এবং “ঐশ্বরিক নারীশক্তির ধারণার মধ্যে একটি শক্তিশালী সংযোগ” দেখতে পান তিনি, যা হাজার হাজার বছর ধরে ভারতীয় সংস্কৃতিতে পূজিত হয়ে আসছে।
জন্মদিনে মেলোনি-মোদি সেলফি ভাইরাল
উল্লেখযোগ্যভাবে, দিনকয়েক আগেই প্রধানমন্ত্রী মোদিকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন জর্জিয়া মেলোনি। শুধু তাই নয়, মোদির উচ্ছ্বসিত প্রশংসা করে একসঙ্গে তোলা একটি নিজস্বীও (সেলফি) পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্টে মেলোনি মোদির শক্তি, সংকল্প এবং লক্ষ লক্ষ মানুষকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে “অনুপ্রেরণার উৎস” হিসেবে বর্ণনা করেছিলেন।
দুই রাষ্ট্রনেতার মধ্যে এই উষ্ণ সম্পর্ক এবং একে অপরের প্রতি গভীর শ্রদ্ধাই প্রমাণ করে আন্তর্জাতিক মঞ্চে ভারত-ইতালি সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। এখন অপেক্ষা শুধু মেলোনির আত্মজীবনীর ভারতীয় সংস্করণ প্রকাশের।