ইএমআই নাকি এসআইপি? মধ্যবিত্তের ১ কোটির স্বপ্নের বাড়ি কেনার অঙ্ক মিলবে কোন পথে!

মধ্যবিত্ত পরিবারের কাছে একটি নিজস্ব বাড়ি কেবলই ইটের তৈরি কোনো কাঠামো নয়। এটি নিরাপত্তা, আত্মসম্মান এবং জীবনের অন্যতম বড় এক প্রাপ্তি। কিন্তু বর্তমান যুগে আকাশছোঁয়া আবাসন মূল্য এবং ব্যাংক ঋণের উচ্চ সুদের বাজারে নিজের বাড়ি কেনা এক বিশাল আর্থিক চ্যালেঞ্জ। অধিকাংশ মানুষই স্বপ্নের নীড় গড়তে দীর্ঘমেয়াদী গৃহঋণ বা হোম লোনের পথ বেছে নেন। তবে বেতনের বড় অংশ ইএমআই (EMI) হিসেবে মেটাতে গিয়ে অনেকেই হিমশিম খান।

এই পরিস্থিতিতে আর্থিক বিশেষজ্ঞরা এক বিকল্প পথ দেখাচ্ছেন। লোন নিয়ে ব্যাংককে বিপুল পরিমাণ সুদ দেওয়ার বদলে প্রতি মাসে সেই সমপরিমাণ অর্থ মিউচুয়াল ফান্ডে এসআইপি (SIP) করার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে কোন পদ্ধতিটি বেশি লাভজনক? আসুন ১৫ বছরের গাণিতিক হিসাব এবং লাভ-ক্ষতির খতিয়ান দিয়ে তা বুঝে নেওয়া যাক।

১. গৃহঋণ (Home Loan EMI) পদ্ধতি:

ধরা যাক, আপনি ৫০ লক্ষ টাকা মূল্যের একটি ফ্ল্যাট বা বাড়ি কিনতে চান।

  • বাড়ির বর্তমান মূল্য: ৫০,০০,০০০ টাকা

  • ডাউন পেমেন্ট (২০%): ১০,০০,০০০ টাকা

  • ব্যাংক লোনের পরিমাণ: ৪০,০০,০০০ টাকা

  • ঋণের সময়কাল: ১৫ বছর (১৮০ মাস)

  • সুদের হার: বার্ষিক ৮.৫%

  • মাসিক ইএমআই: ৩৯,৩৯০ টাকা

  • ১৫ বছরে ব্যাংককে প্রদেয় মোট সুদ: প্রায় ৩০.৯০ লক্ষ টাকা

  • ১৫ বছর পর মোট খরচ: ৮০.৯০ লক্ষ টাকা (১০ লক্ষ ডাউন পেমেন্ট + ৭০.৯০ লক্ষ ইএমআই)

সম্পত্তির ভবিষ্যৎ মূল্য: বার্ষিক ৫% মূল্যবৃদ্ধির হিসাব ধরলে ১৫ বছর পর এই বাড়ির আনুমানিক বাজারমূল্য হবে প্রায় ১.০৪ কোটি টাকা

২. মিউচুয়াল ফান্ড (SIP) পদ্ধতি:

এবার ধরা যাক, আপনি লোন না নিয়ে প্রতি মাসে ফ্ল্যাটের ভাড়ায় থেকে বাকি টাকা বিনিয়োগ করলেন।

  • ডাউন পেমেন্ট: ০ টাকা

  • সময়কাল: ১৫ বছর (১৮০ মাস)

  • প্রত্যাশিত গড় রিটার্ন (CAGR): ১৩%

  • মাসিক বিনিয়োগ: ১৮,৯০০ টাকা

  • ১৫ বছরে মোট বিনিয়োগ: ৩৪.০২ লক্ষ টাকা

  • কম্পাউন্ডিং থেকে লাভ: প্রায় ৬৬ লক্ষ টাকা

  • ১৫ বছর পর জমা তহবিলের মূল্য: প্রায় ১.০০ কোটি টাকা

স্টেপ-আপ SIP এর সুবিধা: আপনি যদি প্রতি বছর বিনিয়োগের পরিমাণ ১০% করে বৃদ্ধি (Step-up) করেন, তবে প্রথম বছর মাত্র ১১,২০০ টাকা দিয়ে শুরু করেই ১৫ বছর পর হাতে পাবেন ১ কোটি টাকা

ইএমআই এবং এসআইপির সুবিধা ও অসুবিধা:

বিষয়হোম লোন (EMI)মিউচুয়াল ফান্ড (SIP)
মালিকানাঅবিলম্বে নিজের বাড়িতে বসবাসের সুবিধা।১৫ বছর পর্যন্ত ভাড়া বাড়িতে থাকতে হবে।
সুদের বোঝাব্যাংককে প্রায় ৩০.৯ লক্ষ টাকা অতিরিক্ত সুদ দিতে হয়।কোনো ঋণের বোঝা নেই, সুদের টাকা বাঁচে।
আর্থিক স্বাধীনতাআয়ের বড় অংশ ইএমআইতে যাওয়ায় অন্য সঞ্চয় কঠিন।চাকরি পরিবর্তন বা ব্যবসায় ঝুকি নেওয়ার স্বাধীনতা থাকে।
ঝুঁকিপ্রথম ৫ বছরে ইএমআই দিলেও মূল ঋণ বিশেষ কমে না।বাজার ওঠানামা করায় রিটার্নে অনিশ্চয়তা থাকতে পারে।

কোন বয়সে কোনটি বেছে নেওয়া উচিত?

  • ২৫ থেকে ৩০ বছর: জীবনের এই পর্যায়ে ক্যারিয়ার এবং আয় নতুন থাকে। সন্তান বা শহর পরিবর্তনের সম্ভাবনা থাকে। তাই এই বয়সে তড়িঘড়ি লোন না নিয়ে এসআইপিতে মনোযোগ দেওয়া বুদ্ধিমানের কাজ।

  • ৩০ থেকে ৪০ বছর: চাকরি, পরিবার এবং থাকার জায়গা স্থায়িত্ব পায়। আয়ও বৃদ্ধি পায়। এই সময়টিতে হোম লোন নিয়ে বাড়ি কেনা সবচেয়ে উপযুক্ত সময়।

  • ৪০ থেকে ৫০ বছর: ঋণের মেয়াদ নির্ধারণের সময় অবসর জীবনের কথা মাথায় রাখুন। ইএমআই যেন সন্তানের উচ্চশিক্ষা বা রিটারমেন্ট ফান্ডের ওপর চাপ না ফেলে।

  • ৫০ বছরের ঊর্ধ্বে: এককালীন সঞ্চয় ছাড়া দীর্ঘমেয়াদী লোন এড়িয়ে চলাই শ্রেয়। পরিবারের ভবিষ্যৎ এবং চিকিৎসা খরচের বাজেট সামলে সিদ্ধান্ত নেওয়া উচিত।

আপনার যদি স্থিতিশীল আয় থাকে এবং পারিবারিক আয়ের ৩০-৩৫% এর মধ্যে ইএমআই রাখা সম্ভব হয়, তবে হোম লোন নেওয়া যেতে পারে। আর যদি চাপমুক্ত থেকে দীর্ঘমেয়াদে বড় সম্পত্তি গড়ে তুলতে চান, তবে এসআইপি হতে পারে সেরা হাতিয়ার।