“আর মাত্র দু’ওভার টিকলেই….!”-পাকিস্তান-বধ হাতছাড়া হওয়ায় কাকে দুষলেন তিলক বর্মা?

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে পাকিস্তান এ-র কাছে ৪৮ রানে হারের পর দলের ব্যর্থতা নিয়ে অকপট স্বীকারোক্তি দিলেন ইন্ডিয়া এ-র অধিনায়ক তিলক বর্মা। তাঁর মতে, মাঝের সারিতে পরপর উইকেট হারানো এবং মিডল অর্ডারে প্রয়োজনীয় জুটির অভাবই ম্যাচ হাতছাড়া হওয়ার মূল কারণ। বিশেষ করে শাহবাজ আহমেদ আউট হয়ে যাওয়ায় ছন্দ নষ্ট হয়েছে বলে মনে করছেন তিনি।
১২৯ রানে ৬ উইকেট, তবু লড়ে গেলেন তিলক-শাহবাজ ৩১৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় ভারত এ। মাত্র ১২৯ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে যায় দল। যদিও সেই খাদ থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন তিলক বর্মা ও শাহবাজ আহমেদ। সপ্তম উইকেটে দু’জনে মিলে ১১২ রানের মূল্যবান জুটি গড়েন। শাহবাজ ৪১ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন এবং তিলক ১৪৯ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। তবে শেষ পর্যন্ত ২৬৫ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।
ম্যাচ শেষে তিলক বলেন, “অভিষেক যেভাবে শুরু করেছিল এবং মাঝপথে শাহবাজ যেভাবে আমাকে সঙ্গ দিয়েছিল, তা গুরুত্বপূর্ণ ছিল। দুর্ভাগ্যবশত, আমরা যখন রানের গতি বাড়াতে চাইছিলাম, ঠিক তখনই শাহবাজ আউট হয়ে যায়। ও যদি আরও দুটো ওভার ক্রিজে থাকতে পারত, তাহলে আমি ম্যাচটা শেষ করতে পারতাম।”
অভিষেকের ঝড়, তবু হারের হতাশা ম্যাচের শুরুতে ওপেনার অভিষেক শর্মা মাত্র ৪২ বলে ৭০ রান করে ভারতকে দারুণ ভিত্তি দিয়েছিলেন। কিন্তু তিনি ফেরার পরই পাকিস্তানের বোলারদের দাপটে মিডল অর্ডারে ধস নামে। নিয়মিত ব্যবধানে উইকেট পড়ায় রানের গতি ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
পাকিস্তানের বোলিং আক্রমণের প্রশংসা করলেও নিজেদের ভুলের কথাই সামনে এনেছেন তিলক। তাঁর কথায়, “ইনিংসের শুরুতে প্রথম ১০ ওভারে বল কিছুটা সুইং করছিল। ওদের দুই পেসারকে কৃতিত্ব দিতেই হবে, খুব ভালো লাইন ও লেংথে বল করেছে। তবে একই সঙ্গে আমরা মাঝের দিকে পরপর উইকেট হারিয়েছি। তা না হলে ৪৭ বা ৪৮ ওভারেই ম্যাচ জিতে যেতাম।”
সেঞ্চুরি থাকলেও আক্ষেপ অধিনায়কের লড়াকু শতরান করলেও নিজের এই ইনিংসকে সেরা বলতে নারাজ তিলক। তাঁর কাছে ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের জয়ই সবার আগে। তিলক জানান, “আমার কাছে সেরা হল ম্যাচ জেতা। যদি দলকে জেতাতে না পারি, তাহলে সেই ইনিংসকে সেরা বলব না। আমি সবসময় ম্যাচ যতটা সম্ভব শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে চাই, আজও সেটাই করার চেষ্টা করছিলাম। অন্য কোনও ব্যাটার যদি আমাকে একটু সঙ্গ দিতে পারত, তাহলে ম্যাচটা শেষ করে আসতে পারতাম।”
পাশাপাশি অধিনায়ক হিসেবে কঠিন সময়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিতে তিনি যে বরাবরই প্রস্তুত ও ভালোবাসেন, তাও স্পষ্ট করেছেন তিলক বর্মা।