বাংলার চা-শিল্পে মোড় ঘোরানো ঘোষণা! ৩১২ কোটির প্রকল্প, রফতানিতে ভর্তুকি ও নিলাম নিয়ে কী বললেন পীযূষ?

উত্তরবঙ্গের চা-শিল্পের দীর্ঘদিনের সঙ্কট কাটাতে এবং দার্জিলিং চায়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে বড়সড় প্যাকেজের ঘোষণা করেছেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। রবিবার কার্শিয়াংয়ের মকাইবাড়ি চা-বাগানের টি-রিসর্টে বিশেষ বৈঠক ও ‘চায়ে পে চর্চা’-য় যোগ দিয়ে তিনি চা-বাগান মালিক, ক্ষুদ্র চাষি, রফতানিকারক এবং শ্রমিক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের চা-শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে ‘প্রধানমন্ত্রী চা-শ্রমিক উৎসাহ যোজনা’-র অধীনে ৩১২ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এই অর্থ মূলত চা-শ্রমিকদের সন্তানদের পড়াশোনা এবং তাঁদের পরিবারের স্বাস্থ্যসেবার কাজে ব্যয় করা হবে।
শ্রমিক কল্যাণের প্রসঙ্গ টেনে এদিন রাজ্যের পূর্ববর্তী সরকারকে তীব্র আক্রমণ করেন পীযূষ গোয়েল। তিনি বলেন, কয়েক বছর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই প্রকল্প ঘোষণা করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দীর্ঘ আড়াই-তিন বছর বিষয়টি নিয়ে কোনও আলোচনাই করেনি। ফলে অসমের চা-শ্রমিকরা এই প্রকল্পের সুবিধা পেলেও বাংলার শ্রমিকরা বঞ্চিত থেকে গিয়েছিলেন। তবে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার ইতিমধ্যেই প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু করেছে বলে জানান তিনি।
চা-চাষিদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে নিলাম বা অকশন ব্যবস্থাকে সম্পূর্ণ স্বচ্ছ ও দ্রুত করার উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, টি-ডাস্টের ক্ষেত্রে সব ধরনের উৎপাদিত চায়ের নিলাম বাধ্যতামূলক করার পর থেকে চাষিরা আগের চেয়ে অনেক ভালো দাম পাচ্ছেন। বর্তমানে বাকি চায়ের ক্ষেত্রে ৫০ শতাংশ নিলামের নিয়ম চালু থাকলেও, শিল্পমহলের বড় অংশের দাবি মেনে সমস্ত চা-উৎপাদনকেই নিলামের আওতায় আনা যায় কি না, তা নিয়ে টি-বোর্ড দ্রুত সমীক্ষা চালাবে। নিলাম প্রক্রিয়া দ্রুত করতে একটি বিশেষ দল কাজ শুরু করেছে এবং পুরনো চা-গাছ বদলে নতুন চারা রোপণের জন্য কড়া নজরদারিতে নতুন প্রকল্প আনার আশ্বাসও দেন তিনি।
আন্তর্জাতিক বাজারে ভারতীয় চায়ের চাহিদা বাড়াতে এবং বিশেষ করে দার্জিলিং চায়ের ব্র্যান্ডিংয়ে ‘এক্সপোর্ট প্রমোশন মিশন’-কে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দার্জিলিং থেকে বন্দর পর্যন্ত চা পরিবহনের খরচ কমাতে রফতানিকারকদের বিশেষ ছাড় বা ভর্তুকি দেওয়া হবে। পাশাপাশি চায়ের গুণমান বৃদ্ধির লক্ষ্যে গবেষণা প্রতিষ্ঠানগুলির পুরনো বকেয়া মিটিয়ে নতুন গবেষণায় অর্থ জোগানের কথাও জানিয়েছেন মন্ত্রী। নেপালের চায়ের সঙ্গে মিশ্রণ ঘটিয়ে দার্জিলিং চা বলে বিক্রির অভিযোগ প্রসঙ্গে পীযূষ গোয়েল জানান, আগের সমীক্ষায় নির্দিষ্ট প্রমাণ না মিললেও এই সমস্যা রুখতে বাগান মালিকদের বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে এবং দিল্লির পরবর্তী বৈঠকে চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। অন্যদিকে, ডুয়ার্স ও তরাইয়ের বন্ধ চা-বাগান প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে নির্দিষ্ট অভিযোগ এলে কেন্দ্র খতিয়ে দেখবে, তবে ব্যক্তিগত বাগান ও স্থানীয় শ্রম সংক্রান্ত সমস্যা মেটানোর মূল দায়িত্ব রাজ্যের শ্রম দফতরের।