“আর দুটো কাজ বাকি…” ধর্মান্তর ও জমি কেনাবেচা নিয়ে চরম হুঙ্কার শুভেন্দু অধিকারীর!

জঙ্গলমহল ও প্রান্তিক এলাকায় জোরপূর্বক ধর্মান্তরকরণ এবং বৈদেশিক অর্থ সাহায্য নিয়ে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাঁকুড়ায় ৭টি জেলাকে নিয়ে এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সরকারের বিগত তিন মাসের কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি একাধিক বড় নীতিগত সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি।

বাঁকুড়ার মাটিতে দাঁড়িয়ে জঙ্গলমহলের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের দুর্বলতার সুযোগ নেওয়ার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য, বৈদেশিক অর্থের সাহায্যে জঙ্গলমহলে যে ধর্মান্তরকরণের প্রক্রিয়া চলছে, সে বিষয়ে প্রশাসন সম্পূর্ণ সচেতন এবং খুব শীঘ্রই এর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।

এদিনের সাংবাদিক বৈঠকে নিজের সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই সীমান্তে জমি হস্তান্তর নীতি সংশোধন, ওবিসি তালিকা সংশোধন, ইমাম-মোয়াজ্জেম ভাতা বাতিল এবং গো-সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মহরমের মিছিলে তলোয়ার প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

এরপরই দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি (UCC) প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন, “কিছুদিনের মধ্যেই UCC আসবে। এক দেশ এক প্রধান, এক রাজ্য, এক মুখ্যমন্ত্রী, এক আইন।” এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী হিসেবে নিজের বাকি থাকা কাজের কথা বলতে গিয়ে তিনি যোগ করেন, “আর দুটো কাজ আমার বাকি থাকবে। ধর্ম পরিবর্তন ও জমি কেনাবেচার ক্ষেত্রে আইন আনা। এটা আমি করছি।” জঙ্গলমহলের সামগ্রিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আগামী তিন মাসের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাও এদিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।