আরজি কর-কাণ্ডের সেই নির্যাতিতার মা এবার সরাসরি ভোটের ময়দানে? বিজেপির টিকিটে লড়ার বড় ঘোষণা!

আরজি কর-কাণ্ড দেখিয়েছিল, সাধারণ মানুষ জাগলে শাসককে নতিস্বীকার করানো যায়। এবার সেই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে থাকা নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা কি সরাসরি রাজনীতির আঙিনায় পা রাখছেন? খোদ নিহত চিকিৎসকের মা নিজেই দাবি করেছেন, তিনি বিজেপির হয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়তে ইচ্ছুক। বৃহস্পতিবার বিকেলে সংবাদমাধ্যমে তিনি জানান, পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তাঁর প্রাথমিক কথা হয়েছে। যদিও বিজেপির ঘোষিত দ্বিতীয় দফার তালিকায় তাঁর নাম ছিল না, তবে তৃতীয় দফার তালিকায় বড় চমকের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল।

এই জল্পনা ঘিরেই প্রশ্ন উঠছে, নির্যাতিতার মা প্রার্থী হলে কি বিজেপি বাড়তি ডিভিডেন্ট পাবে? প্রখ্যাত সাংবাদিক সুমন দে-র ইউটিউব প্ল্যাটফর্ম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় করা জনমত সমীক্ষায় ধরা পড়েছে এক চাঞ্চল্যকর ছবি। সমীক্ষায় অংশ নেওয়া দর্শকদের মধ্যে ৬৭ শতাংশ মানুষ মনে করছেন, তিনি প্রার্থী হলে বিজেপি নিশ্চিতভাবে লাভবান হবে। মাত্র ২৯ শতাংশ মনে করছেন এর কোনও প্রভাব পড়বে না এবং ৪ শতাংশ কোনো মন্তব্য করেননি।

এর আগে আরজি কর-কাণ্ডের বর্ষপূর্তিতে নবান্ন অভিযানের সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সশরীরে নিহত চিকিৎসকের বাবা-মায়ের পাশে দাঁড়িয়েছিলেন। এখন দেখার, ৪ মে-র মহারণে শেষ হাসি কে হাসে। রাজনীতির কারবারিরা মনে করছেন, অভয়ার মায়ের প্রার্থী হওয়া হবে এই ভোটের সবচেয়ে বড় ‘গেম চেঞ্জার’।