“আমি একজন সাধারণ মানুষ, হয়তো গুরুত্বহীন!” সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী

দেশের বিচারবিভাগের ইতিহাসে বুধবার এক ঐতিহাসিক ও নজিরবিহীন মুহূর্তের সাক্ষী থাকল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে এসআইআর (SIR) মামলার শুনানি চলাকালীন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সওয়াল করতে দেখা গেল। শুনানির শুরুতে আইনজীবীদের পিছনে থাকলেও, কিছুক্ষণ পরেই আসন পরিবর্তন করে সোজা সামনের সারিতে চলে আসেন তিনি।
শুরুতে বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল ও শ্যাম দেওয়ান সওয়াল করলেও, সিব্বলের বক্তব্যের মাঝেই হঠাৎ সওয়াল করার অনুমতি চান মুখ্যমন্ত্রী। বিচারপতিরা সুযোগ দিতেই তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমরা বিচার পাচ্ছি না। আমি ছয়বার জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছি, কিন্তু একবারও উত্তর পাইনি।” নিজের পদের গরিমা সরিয়ে রেখে প্রধান বিচারপতির সামনে তিনি আক্ষেপের সুরে বলেন, “আমি একজন সাধারণ মানুষ। হয়তো আমি খুব কম গুরুত্বপূর্ণ ব্যক্তি।”
রাজ্যের তরফে জানানো হয়, হাতে মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখনও ৩২ লক্ষ মানুষের শুনানি বাকি রয়েছে। প্রতিদিন ১৫ লক্ষ মানুষের শুনানি করা কার্যত অসম্ভব। মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ব্যক্তিগত আর্জি ও সরাসরি সওয়াল ঘিরে সুপ্রিম কোর্টের ১ নম্বর কোর্টরুমে আজ ছিল টানটান উত্তেজনা। রাজ্য সরকারের মামলার পাশাপাশি একজন সাধারণ নাগরিক হিসেবে মমতার এই আবেদনকে ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।