“ও থাকলে আজ ওরই বিয়ে হতো সব্যর সঙ্গে…”, দিদির বিয়ের আসরেও সজল চোখ ঐন্দ্রিলার পরিবারের

২০২২-এর সেই অভিশপ্ত ২০ নভেম্বর কেড়ে নিয়েছিল ‘জিয়ল কন্যা’ ঐন্দ্রিলা শর্মাকে। চলে গিয়েছিলেন ঐন্দ্রিলা, কিন্তু ফেলে গিয়েছেন এক অটুট বন্ধন। মঙ্গলবার রাতে ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্যর বিয়ের আসরে আবারও দেখা গেল সেই চিরচেনা দৃশ্য। শোকের ছায়া কাটিয়ে দীর্ঘ সময় পর শর্মা পরিবারের আনন্দ অনুষ্ঠানে সামিল হলেন সব্যসাচী চৌধুরী। প্রিয় ঐন্দ্রিলার অনুপস্থিতিতেও তাঁর পরিবারের হাত যে সব্য ছাড়েননি, এই উপস্থিতি তারই প্রমাণ।
সাদা শার্ট আর নীল ডেনিমে একদম সাদামাটা সাজে বিয়ের আসরে হাজির হয়েছিলেন সব্যসাচী। তাঁকে দেখেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে ঐন্দ্রিলার দুই আদরের পোষ্য তোজো এবং বোজো। দিদি ঐশ্বর্য ও চিকিৎসক দিব্যজিৎ দত্তর সইসাবুদ করে আইনি বিয়ে সারার মুহূর্তে সাক্ষী হিসেবে ফ্রেমের ওপার থেকে তাকিয়ে ছিলেন কেবল ঐন্দ্রিলাই— তাঁর ছবির মাধ্যমে। বোন থাকলে আজ পরিস্থিতি অন্যরকম হতো, এই হাহাকার ছিল ঐশ্বর্যর গলায়। তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, “বোন থাকলে আজ ওর আর সব্যসাচীর বিয়েটাই আগে হতো।”
বিয়ের আনন্দ চললেও শর্মা বাড়িতে ঐন্দ্রিলার অভাব ছিল প্রতি মুহূর্তে। মা শিখা শর্মাও বিশ্বাস করেন, মেয়ে তাঁদের আশেপাশেই আছে। ঐন্দ্রিলার কঠিন লড়াইয়ের দিনগুলিতে সব্যসাচী যেভাবে ছায়ার মতো পাশে ছিলেন, আজও সেই দায়িত্ব থেকে বিচ্যুত হননি তিনি। ব্যক্তিগত শোক সামলে সব্যসাচী কাজে ফিরলেও ঐন্দ্রিলার পরিবারের সঙ্গে তাঁর এই আত্মিক টান দেখে চোখে জল নেটিজেনদের।