জেলের অন্ধকার পেরিয়ে রুপোলি পর্দায় রিয়া! ৬ বছর পর বলিউডে ‘কামব্যাক’ সুশান্তের বান্ধবীর

২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এবং তার পরবর্তী মাদককাণ্ডে তোলপাড় হয়েছিল গোটা দেশ। সেই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। হাজতবাস, সিবিআই তদন্ত, সংবাদমাধ্যমের ট্রায়াল এবং দীর্ঘ একাকীত্ব পেরিয়ে প্রায় ৬ বছর পর ফের বিনোদন জগতে কামব্যাক করছেন তিনি। সমস্ত বিতর্ককে পাশে সরিয়ে রেখে অভিনয়ের চেনা পিচে ফিরছেন রিয়া।
সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় প্রায় এক মাস জেলে থাকতে হয়েছিল অভিনেত্রীকে। সেই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা নিয়ে রিয়া জানান, “জেল এক অদ্ভুত জায়গা, যেখানে প্রতিটা দিন বেঁচে থাকার লড়াই করতে হয়। ওই দিনগুলোই শিখিয়েছে কারা আসল বন্ধু।” জেলের অন্ধকার আর মানসিক অবসাদের কালবেলা কাটিয়ে রিয়া এখন পুরোপুরি কাজে মনোযোগী। নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘ফ্যামিলি বিজনেস’-এর মাধ্যমে তিনি দর্শকদের সামনে আসতে চলেছেন।
রিয়ার এই প্রত্যাবর্তনে সমাজমাধ্যম দুই ভাগে বিভক্ত। একদলের মতে, লড়াই করে ফিরে আসাটা সাহসের পরিচয়। অন্যদল অবশ্য আজও সুশান্তের মৃত্যুর ছায়া থেকে রিয়াকে মুক্তি দিতে নারাজ। সুশান্তের বাবার তোলা ১৫ কোটি টাকা সরানোর অভিযোগ থেকে শুরু করে মাদকযোগ— আইনি জটিলতা অনেক থাকলেও, প্রমাণাভাবে রিয়া এখন মুক্ত। নিজের পোশাকের ব্যবসার পাশাপাশি অভিনয়কেই নিজের ধ্যানজ্ঞান করে নতুন জীবন শুরু করতে মরিয়া ‘জিয়ল কন্যা’ রিয়া।