‘আমরাই কাজ করে দেখাই!’ যুদ্ধবিধ্বস্ত বিশ্বে মোদী-ম্যাজিকে মুগ্ধ ট্রাম্প, দিলেন দরাজ সার্টিফিকেট

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘের মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দীর্ঘক্ষণ টেলিফোনে কথোপকথনের পর শুক্রবার ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের তরফে একটি বিশেষ বার্তা প্রকাশ করা হয়। সেখানে ট্রাম্প সগর্বে জানান, “মোদী এবং আমি এমন দু’জন মানুষ, যারা কাজ করে দেখাই।” (Modi and I are two people that get things done)।
ইরানের ওপর আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর এই প্রথম মোদী ও ট্রাম্পের মধ্যে সরাসরি কথা হল। সূত্রের খবর, প্রায় এক মাস ধরে চলা অশান্ত পশ্চিম এশিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত যুদ্ধের পক্ষে নয়, বরং শান্তির পথে সংঘাত মেটাতে আগ্রহী। বিশেষ করে বিশ্ববাণিজ্যের লাইফলাইন ‘হরমুজ প্রণালী’ খোলা রাখার ওপর জোর দিয়েছেন মোদী, যাতে বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সংকটের প্রভাব না পড়ে।
কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই মন্তব্য নিছক রাজনৈতিক সৌজন্য নয়। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ভারত যে এক শক্তিশালী মধ্যস্থতাকারী দেশ হিসেবে উঠে আসছে, ট্রাম্পের কথাতেই তার ইঙ্গিত স্পষ্ট। ওয়াশিংটন এবং দিল্লির এই ঘনিষ্ঠতা বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণের জন্ম দিচ্ছে, যা যুদ্ধবিধ্বস্ত সময়ে স্থিতিশীলতা বজায় রাখতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।