আবেগ ছাপিয়ে হিংসার প্রকাশ, বিজেপি করলে অ্যাসিড ঢালা, সাংসদকে পেটানোর হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

রাজ্য রাজনীতিতে বিতর্কের নতুন মাত্রা যোগ করলেন মালদহের মালতিপুরের তৃণমূল বিধায়ক আবদুর রহিম বক্সী। বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করতে গিয়ে তিনি এমন সব মন্তব্য করেছেন, যা রাজনৈতিক শিষ্টাচারের সীমা ছাড়িয়েছে। শনিবার এক জনসভায় তিনি শুধু বিজেপিকে সামাজিকভাবে বয়কটের হুঁশিয়ারিই দেননি, বরং বিজেপির পতাকা ছিঁড়ে ফেলা এবং এমনকি সাংসদকেও পেটানোর নিদান দিয়েছেন।
ঘটনার সূত্রপাত হয় মালদহের মালতিপুর বিধানসভার এনায়েতনগরে তৃণমূল কংগ্রেসের এক বিক্ষোভ সমাবেশ থেকে। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর আক্রমণ এবং বাংলা ভাষার অপমান নিয়ে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সী। মঞ্চ থেকে তিনি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে নাম না করে বলেন, “যে বিজেপি বিধায়ক বিধানসভায় বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি রোহিঙ্গা বলছেন, তাঁর গলায় এমনভাবে অ্যাসিড ঢালব যাতে কণ্ঠ বন্ধ হয়ে যায়।”
তাঁর উস্কানিমূলক মন্তব্যের এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, “বিজেপি শাসিত রাজ্যে বাংলার লোক খুন হচ্ছে। এখানে যারা বিজেপি করছেন, প্রতিবাদ করছেন না, তাদের জন্য বলছি, এলাকায় বিজেপি করা যাবে না। মানুষকে বলব বয়কট করুন। বিজেপির পতাকা ছিঁড়ে দিন।”
বক্সীর এই মন্তব্য যখন ভাইরাল হচ্ছে, ঠিক সেই সময় চাঁচল থানায় বিজেপি কর্মীদের মিথ্যা মামলার প্রতিবাদে ২৪ ঘণ্টার অবস্থান বিক্ষোভে ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। তৃণমূল বিধায়ক এই কর্মসূচিকে ‘অগণতান্ত্রিক’ বলে আখ্যা দেন এবং সাংসদকে পেটানোর হুমকিও দেন।
যদিও সংবাদমাধ্যমের সামনে নিজের মন্তব্যের সাফাই দিয়ে বক্সী বলেন, “আমি কোনও অগণতান্ত্রিক বক্তব্য রাখিনি।” এই মন্তব্যের তীব্র নিন্দা করে বিজেপি তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, সুস্থ গণতন্ত্রে এমন উস্কানিমূলক ভাষা কতটা গ্রহণযোগ্য?