আপনার আধার কি নিরাপদ? জেমিনি টুল দিয়ে হুবহু ভিডিও বানিয়ে ব্যাংক অ্যাকাউন্ট সাফ করার ছক ফাঁস!

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) এখন আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের আর্থিক সুরক্ষার জন্য। খোদ গুগলের শক্তিশালী এআই টুল ‘জেমিনি’ (Gemini)-কে ব্যবহার করে এক ব্যবসায়ীর ডিপফেক ভিডিও তৈরি এবং আধার বায়োমেট্রিক তথ্য হাতানোর এক রোমহর্ষক ঘটনা ফাঁস করল আমদাবাদ পুলিশের সাইবার ক্রাইম শাখা। এই হাই-টেক জালিয়াতির অভিযোগে পুলিশ ইতিমধ্যেই চার যুবককে গ্রেপ্তার করেছে, যাদের কারসাজি দেখে তাজ্জব দুঁদে গোয়েন্দারাও।
ঘটনার সূত্রপাত আমদাবাদের এক আমদানি-রপ্তানি ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে। ওই ব্যবসায়ী লক্ষ্য করেন, গত দুদিন ধরে তাঁর ফোনে ব্যাংকিং লেনদেনের কোনো ওটিপি (OTP) আসছে না। সন্দেহ হওয়ায় তিনি সাইবার পুলিশের দ্বারস্থ হন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ব্যবসায়ীর অগোচরেই তাঁর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি বদলে ফেলা হয়েছে। সাধারণত মোবাইল নম্বর বদলাতে গেলে যে ওটিপি বা বায়োমেট্রিক ভেরিফিকেশনের প্রয়োজন হয়, প্রযুক্তিকে ঢাল করে তা অনায়াসেই এড়িয়ে গিয়েছে এই জালিয়াত চক্র। শুধু তাই নয়, ব্যবসায়ীর নাম করে একটি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে ২৫ হাজার টাকার ঋণও নেওয়া হয়েছে এবং তাঁর ডিজিলকার থেকে গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।
পুলিশি তদন্তে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। ধৃতরা গুগল-এর জেমিনি এআই ব্যবহার করে ওই ব্যবসায়ীর অবিকল প্রতিচ্ছবি বা ‘ডিপফেক’ ভিডিও তৈরি করেছিল। সেই ভিডিও ব্যবহার করেই আধার বায়োমেট্রিক অথেন্টিকেশন প্রক্রিয়াকে ধোঁকা দেওয়া হয়। এই জালিয়াতি চক্রের একজন সদস্য একটি কমন সার্ভিস সেন্টারে (CSC) কর্মরত ছিল, যার ফলে আধারের সরকারি সিস্টেম এবং কিট ব্যবহার করা তাদের জন্য সহজ হয়ে গিয়েছিল। আধার নম্বর বদলে ফেলার পর সমস্ত ওটিপি ব্যবসায়ীর আসল নম্বরের বদলে অপরাধীদের ফোনে যেতে শুরু করে। এরপর তারা জিও পেমেন্টস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে সফল হয়।
গ্রেপ্তার হওয়া চার অভিযুক্তের নাম কানুবাই পারমার, আশিস বনন্দ, মহম্মদ কাইফ প্যাটেল এবং দীপ গুপ্ত। এই ঘটনাটি এমন এক সময়ে সামনে এল যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ব্যাংক আধিকারিকদের নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। আমদাবাদের এই ঘটনা প্রমাণ করে দিল যে, প্রযুক্তির অপব্যবহার সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার জন্য কতটা বড় চ্যালেঞ্জ।