এপ্রিল শেষ হতে আর মাত্র দু’দিন। ১ মে থেকে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে একগুচ্ছ বড় বদল আসতে চলেছে। রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং থেকে শুরু করে বিমার প্রিমিয়াম এবং ব্যাঙ্কিং চার্জ— একাধিক ক্ষেত্রে নিয়মের পরিবর্তন আপনার মাসিক বাজেটে সরাসরি প্রভাব ফেলতে পারে। একনজরে দেখে নিন কোন কোন ক্ষেত্রে খরচ বাড়তে চলেছে:
১. গ্যাস সিলিন্ডার বুকিংয়ে নয়া বিধিনিষেধ এবার থেকে একটি সিলিন্ডার ডেলিভারি হওয়ার সাথে সাথেই দ্বিতীয়টি বুক করা যাবে না। নতুন নিয়ম অনুযায়ী:
শহরাঞ্চলে: সিলিন্ডার রিফিলের জন্য কমপক্ষে ২৫ দিন অপেক্ষা করতে হবে।
গ্রামাঞ্চলে: এই অপেক্ষার সময়সীমা করা হয়েছে ৪৫ দিন।
২. ওটিপি (OTP) ছাড়া মিলবে না গ্যাস পয়লা মে থেকে সিলিন্ডার ডেলিভারির সময় DAC (ডেলিভারি অথেন্টিকেশন কোড) বা ওটিপি দেওয়া বাধ্যতামূলক। ওটিপি না দেখাতে পারলে ডেলিভারি এজেন্ট গ্যাস দিতে পারবেন না।
৩. উজ্জ্বলা যোজনায় ই-কেওয়াইসি (e-KYC) বাধ্যতামূলক প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। আধার-ভিত্তিক e-KYC সম্পন্ন না করলে আর মিলবে না সরকারি ভর্তুকি। ১ মের আগে এই প্রক্রিয়া সেরে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।
৪. বাড়বে কি রান্নার গ্যাসের দাম? পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং হরমুজ প্রণালীর অস্থিরতার জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। প্রতি মাসের ১ তারিখ তেল কোম্পানিগুলি দাম পুনর্নির্ধারণ করে। আশঙ্কা করা হচ্ছে, মে মাসের শুরুতেই দাম বাড়তে পারে এলপিজি-র।
৫. বিমার প্রিমিয়াম কাটবে ব্যাঙ্ক প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) এবং সুরক্ষা বিমা যোজনার (PMSBY) বার্ষিক প্রিমিয়ামের টাকা (যথাক্রমে ৪৩৬ টাকা ও ২০ টাকা) মে মাসেই আপনার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটো-ডেবিট বা স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। তাই অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখা জরুরি।
৬. এসবিআই (SBI) ও ইয়েস ব্যাঙ্কে নয়া চার্জ
SBI: ক্রেডিট কার্ড হোল্ডাররা নির্ধারিত সময়ে ন্যূনতম পেমেন্ট করতে ব্যর্থ হলে গুনতে হবে অতিরিক্ত লেট ফি। পরপর দুটি বিলিং সাইকেলে ডিফল্ট হলে অতিরিক্ত ১০০ টাকা চার্জ করা হতে পারে।
Yes Bank: ১ মে থেকে ইউটিলিটি বিল পেমেন্টের (যেমন বিদ্যুৎ বা জল বিল) ক্ষেত্রে অতিরিক্ত ১% চার্জ ধার্য করবে এই ব্যাঙ্ক।





