আদিনা মসজিদ নাকি ‘আদিনাথ মন্দির’? ঐতিহাসিক স্থাপনার ছবি পোস্ট করে বিতর্কে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

তৃণমূল কংগ্রেস সাংসদ এবং প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান সম্প্রতি মালদহ সফরে গিয়ে ঐতিহাসিক আদিনা মসজিদ (Adina Mosque)-এর সামনে তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্ট করে বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি ক্যাপশনে মসজিদটিকে উপমহাদেশের বৃহত্তম মসজিদ হিসেবে উল্লেখ করেন, যা ১৪শ শতকে সুলতান সিকন্দর শাহ নির্মাণ করেছিলেন।
পাঠানের এই পোস্টের পরই অনেক ব্যবহারকারী তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দাবি করেন, যে স্থাপনাটিকে এখন আদিনা মসজিদ বলা হচ্ছে, সেটি আসলে এক সময় ছিল ‘আদিনাথ মন্দির’ (Adinath Temple), যা ধ্বংস করে মসজিদে রূপান্তরিত করা হয়।
একাধিক ব্যবহারকারী মসজিদের দেওয়ালে গণেশ ও অন্যান্য হিন্দু দেবতার ভাস্কর্যের ছবি পোস্ট করে এই দাবির সমর্থনে প্রমাণ তুলে ধরেন। কেউ কেউ সরাসরি প্রশ্ন করেন, “আপনারা কি নিজেরা কিছু নির্মাণ করেছেন, না কি অন্যদের ধর্মস্থান ভেঙেই দাবি করেছেন নিজেদের বলে?”
পাণ্ডুয়া শহরে ১৩৭৩-৭৫ সালের মধ্যে আদিনা মসজিদটি তৈরি হয়েছিল। ইতিহাসবিদদের একাংশের মতে, সুলতান সিকন্দর শাহ বিজয়ের স্মারক হিসেবে এটি নির্মাণ করেন। তবে প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলছে, মসজিদ তৈরির সময় পাল–সেন যুগের মন্দিরগুলির ভাঙা পাথর ও খোদাই করা স্তম্ভ ব্যবহার করা হয়েছিল।
দেওয়াল ও খিলানের অলঙ্করণে ফুল, ঘণ্টা, মালা, মুখমণ্ডল ও কৈলাস প্রতীকের মতো মোটিফ দেখা যায়, যা মূলত হিন্দু স্থাপত্যে ব্যবহৃত হত। এই কারণে একাধিক গবেষক মনে করেন, এই মসজিদের মূল কাঠামোটি এক সময় শিবের মন্দির ছিল, যেখানে দেবতার রূপ ছিল ‘আদিনাথ’ অর্থাৎ ‘প্রথম দেব’।
আদিনা মসজিদকে ঘিরে এই বিতর্ক নতুন নয়। গত বছর বিজেপি-ঘনিষ্ঠ আইনজীবী হরিশঙ্কর জৈন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে আদিনা মসজিদে পুজো শুরু করার অনুমতি চেয়েছিলেন। এমনকি, ২০২৪ সালে হিন্দু সংগঠনের একাংশ ওই স্থানে গিয়ে পুজো করার চেষ্টা করে। তরুণ পুরোহিত হিরণ্ময় গোস্বামী ও তাঁর অনুসারীরা মসজিদের ভিতরে শিবলিঙ্গ দেখতে পান বলেও দাবি করেন। পরে অবশ্য প্রশাসনের হস্তক্ষেপে পুজো বন্ধ করা হয়।
বর্তমানে আদিনা মসজিদ ভারতের প্রত্নতত্ত্ব দফতরের (ASI) অধীন একটি সংরক্ষিত স্থাপনা। আইনত এখানে নতুন করে কোনও ধর্মীয় কর্মকাণ্ড চালানো নিষিদ্ধ হলেও, বাবরি, মথুরা বা কাশীর জ্ঞানবাপীর মতোই মালদহের আদিনা মসজিদ এখন নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে।