‘আগের কোনো মুখ্যমন্ত্রী এমনটা করেছেন?’ চোরবাগান মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় বড় ঘোষণা শুভেন্দুর

চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্টের মর্মান্তিক ঘটনায় মৃত ১৪ বছরের সন্দীপ বেজ এবং কল্পনা বেজের পরিবারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার পূর্ব বর্ধমানের মাধবডিহিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। কথা মতো নবমী ও দশমীর দিনেই নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের হাতে ২৫ লক্ষ টাকার আর্থিক সাহায্যের চেক তুলে দেন তিনি।
‘আগের কোনো মুখ্যমন্ত্রী এমনটা করেছেন?’
পরিবারের হাতে চেক তুলে দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ববর্তী সরকারগুলির তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। অতীতের বিভিন্ন দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “কর্তব্য পালন করতে এসেছি। আপনাদের স্মরণে আছে নাকি, এরকম কোনো ঘটনার পর কোনো মুখ্যমন্ত্রী এসেছেন? এর আগে শতাধিক কেসে ভিক্টম পরিবারকে হাইকোর্ট-সুপ্রিম কোর্টে গিয়ে বিচার চাইতে হয়েছে।”
নিরপেক্ষ তদন্তের নির্দেশ ও পুলিশের ভূমিকা
তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ রাখতে বড় পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট ঘোষণা, এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হয়েছে। এমনকি, কলকাতা পুলিশ এবং যে পুরসভা এই পুজোর অনুমোদন দিয়েছিল, তাদের নিরপেক্ষতার স্বার্থে এই তদন্ত প্রক্রিয়ার বাইরে রাখা হচ্ছে।
বিগত ঘটনার তুলনা ও শোকবার্তা
অতীতে বিভিন্ন প্রাকৃতিক বা মানবসৃষ্ট বিপর্যয়ের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, অতীতে বহু দুর্ঘটনা ঘটলেও এমন নজিরবিহীন আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা শোনা যায়নি। পানিহাটির পদপিষ্টের ঘটনা বা রামরাজাতলার ট্রেন দুর্ঘটনার কথা উল্লেখ করে তিনি জানান, যে কোনো বিপর্যয় থেকেই শিক্ষা নেওয়া উচিত।
নিহতদের পরিবারকে নিজের আত্মীয় হিসেবে উল্লেখ করে তিনি জানান, ধর্মীয় আচার পালন করলেও এই শোকাচ্ছন্ন পরিস্থিতিতে সমস্ত বড় আনন্দ অনুষ্ঠান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।