আকাশ ভাঙবে ভাইফোঁটায়? কাল-পরশু নিয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চরম সতর্কবার্তা জারি!

কার্তিক মাসের শেষে যখন শীতের আমেজ উপভোগের জন্য প্রস্তুত হচ্ছিল রাজ্যবাসী, ঠিক তখনই আবহাওয়ার বড়সড় খামখেয়ালি রূপ সামনে এল। উৎসবের মরশুমের একেবারে শেষলগ্নে দাঁড়িয়ে দুঃসংবাদ দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ থেকেই আগামী টানা তিন দিন কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার, মঙ্গলবার এবং বুধবার—এই তিন দিনই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে বাঙালির অন্যতম প্রধান উৎসব ‘ভাইফোঁটা’-র আয়োজনে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। কিছু কিছু এলাকায় সাময়িক মেঘলা আকাশের পাশাপাশি বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে।

হঠাৎ এই দুর্যোগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে, পূর্ব বিহার ও তার সংলগ্ন এলাকায় একটি শক্তিশালী উর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। বর্তমানে সেই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিলোমিটার উচ্চতায় উত্তর-পূর্ব বিহারের ওপর অবস্থান করছে। এই সিস্টেমের প্রভাবেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্ণুযুক্ত বাতাস ঢুকছে, যার ফলে এই অসময়ের বৃষ্টিপাত। তবে স্বস্তির খবর এটাই যে, এই বৃষ্টির স্পেল কাটার পরেই দক্ষিণবঙ্গে পারদপতনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শীতের আগমন আরও ত্বরান্বিত হবে।