আকাশ পরিষ্কার, তবু বানভাসি শহর! সাতসকালে টালার পানীয় জলের পাইপ ফেটে হাহাকার

বৃষ্টির কোনো নামগন্ধ নেই, অথচ সোমবার সাতসকালেই জলমগ্ন হয়ে পড়ল উত্তর কলকাতার টালা এলাকা! টালা ব্রিজের কাছে রেললাইনের নিচে থাকা পুরসভার মূল পানীয় জলের পাইপলাইনে ভয়াবহ ফাটল ধরে বিপত্তি ঘটল। পাইপ ফেটে তীব্র গতিতে বেরিয়ে আসা জলে নিমেষের মধ্যে ভেসে গেল চারপাশের রাস্তাঘাট, দোকানপাট, মানুষের বসতবাড়ি এমনকি পুজো মণ্ডপও। বিশেষ করে চরম দুর্ভোগের মুখে পড়েছেন বনমালী সরকার স্ট্রিটের বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টালা ব্রিজের নিচে রেললাইনের তলা দিয়ে যাওয়া ওই প্রাচীন পাইপলাইনে গত কয়েকদিন ধরেই সামান্য চিড় দেখা দিয়েছিল। বিষয়টি নিয়ে কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ক্ষুব্ধ বাসিন্দাদের। এরপর সোমবার সকালে আচমকাই পাইপটিতে একটি বড়সড় ফাটল ধরে এবং হু-হু করে জল বেরোতে শুরু করে। নিমেষেই জল থৈ থৈ পরিস্থিতি তৈরি হয় পুরো এলাকায়। সুরক্ষার খাতিরে ওই অঞ্চলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়েই পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগের কর্মী ও উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছান। টালা ট্যাঙ্ক একদম কাছে হওয়ায় পাইপে জলের চাপ ছিল অত্যন্ত বেশি, যার ফলে জল নিয়ন্ত্রণ করা প্রাথমিক অবস্থায় কার্যত অসম্ভব হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ধাপে ধাপে জলের চাপ কমানো শুরু হয়, এবং পরবর্তীতে জল সরবরাহ সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

এই দুর্ঘটনার জেরে শুধু টালা নয়, উত্তর কলকাতার এক বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ চরম ব্যাহত হয়েছে। কলকাতা পুরনিগমের এক আধিকারিক জানান, জরুরি ভিত্তিতে মেরামত কাজ শুরু হয়েছে। তবে সারাদিন জলের জোগান নাও থাকতে পারে অথবা চাপ কম থাকতে পারে। আশা করা হচ্ছে, মঙ্গলবারের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।