আইটিআর ছাড়াই মিলবে পার্সোনাল ও বিজনেস লোন? কিন্তু কাদের ব্যাংকে জমা দিতেই হবে দুই বছরের ডকুমেন্টস?

জরুরি দরকারে পার্সোনাল লোন, হোম লোন, কিংবা বিজনেস লোন নেওয়ার পরিকল্পনা করছেন? ব্যাংক থেকে লোন নেওয়ার সাধারণ নিয়ম অনুযায়ী স্যালারি স্লিপ (Salary Slip) এবং ফর্ম ১৬ (Form 16) জমা দিলেই কাজ হয়ে যায় বলে অধিকাংশ মানুষ মনে করেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে বড় অঙ্কের লোন বা নির্দিষ্ট কিছু পেশার মানুষের ক্ষেত্রে ব্যাংক আয়কর রিটার্ন বা আইটিআর (ITR) জমা দেওয়া বাধ্যতামূলক করে থাকে। আয়কর রিটার্নের সঠিক নথি না থাকলে লোনের আবেদন সরাসরি খারিজ পর্যন্ত হতে পারে।
মূলত চাকরিজীবী ব্যক্তি, যাদের প্রতি মাসে নির্দিষ্ট তারিখে অ্যাকাউন্টে বেতন জমা পড়ে, তাঁদের লোন পাওয়ার জন্য স্যালারি স্লিপ এবং ফর্ম ১৬-ই যথেষ্ট। তবে যাঁরা ব্যবসায়ী, স্বনির্ভর (Self-Employed) বা মুক্ত পেশায় যুক্ত, কিংবা যাঁর কোনো নির্দিষ্ট মাসিক বেতনের উৎস নেই, তাঁদের লোন পাওয়ার ক্ষেত্রে আইটিআর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংক বিশেষজ্ঞদের মতে, বড় অঙ্কের লোন বা ব্যবসার জন্য ঋণের আবেদন করার সময় অন্তত বিগত ২ বছরের আইটিআর ফাইল জমা দেওয়া আবশ্যক। অন্যথায় আইটিআর সংক্রান্ত নথি না থাকলে ব্যাংক থেকে ঋণ পাওয়া একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়।
তবে আপনার যদি আইটিআর দাখিল করা না থাকে, তাহলেও কি ঋণ পাওয়ার কোনো উপায় রয়েছে? ব্যাংকিং ক্ষেত্রের প্রাপ্ত তথ্য অনুযায়ী, আইটিআর ছাড়া লোন পাওয়ার সবচেয়ে সহজ এবং নির্ভরযোগ্য পথ হলো ‘সিকিউরড লোন’ বা সুরক্ষিত ঋণ (Secured Loan)-এর আবেদন করা। এক্ষেত্রে গ্রাহককে কোনো আইটিআর নথি দেখাতে হয় না। এর পরিবর্তে সোনা, মূল্যবান অলঙ্কার, ফিক্সড ডিপোজিট বা স্থাবর সম্পত্তি ব্যাংকের কাছে বন্ধক বা গ্যারান্টি হিসেবে রাখতে হয়। এর ফলে আইটিআর ফাইল ছাড়াই ব্যাংক থেকে সহজেই প্রয়োজনীয় ঋণ পাওয়া সম্ভব হয়।