অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা শেষ! নির্দিষ্ট কোন দুই দিনে বিডিও-এসডিও-র ঘরে সরাসরি ঢুকতে পারবেন আপনি?

সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনতে আরও এক বড় পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে এবার থেকে সরাসরি মহকুমা শাসক থেকে শুরু করে উচ্চপদস্থ সরকারি অফিসারদের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন আমজনতা। রবিবার রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল স্বাক্ষরিত এক বিশেষ নির্দেশিকায় এই কথা জানানো হয়েছে।
নতুন এই নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত সমস্ত সরকারি আধিকারিকদের নিজেদের দফতরে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সবথেকে বড় বিষয় হলো, এই নির্দিষ্ট সময়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করার জন্য কোনো পূর্ব অনুমতি বা অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না। এমনকি ওই নির্দিষ্ট দু’দিন কোনো সরকারি বৈঠক বা ফিল্ড সফরেও যেতে পারবেন না আধিকারিকরা।
স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্ট আধিকারিকের সরকারি মোবাইল নম্বর এবং ইমেল আইডি অফিসের দৃশ্যমান স্থানে বড় করে প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট দফতরের সরকারি ওয়েবসাইটেও সেই তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক করা হয়েছে। বিভাগীয় কমিশনার, জেলাশাসক, বিডিও থেকে শুরু করে পুলিশের ডিজি, এসপি, থানার ওসি এবং বন দফতরের রেঞ্জার স্তর পর্যন্ত সমস্ত ফিল্ড-লেভেল অফিসাররাই এই নির্দেশিকার আওতাভুক্ত। পুরো বিষয়টি সঠিকভাবে কার্যকর হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।