১০ বিঘা জুড়ে মণ্ডপ, ৪ লাখ মানুষের ভোজ! ঢালছেন ২.৫ কোটির ডিফেন্ডার, কার মেয়ের বিয়েতে তোলপাড় বিহার?

বিহারের মোকামার বাহুবলী বিধায়ক অনন্ত সিং ওরফে ‘ছোট সরকার’ ফের শিরোনামে। তবে এবার রাজনৈতিক কোনো কারণে নয়, তাঁর একমাত্র কন্যা শিবাঙ্গি সিংয়ের রাজকীয় ও এলাহি বিয়ের আয়োজন নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। আগামী ২৫ নভেম্বর মোকামার লদমা গ্রামে আয়োজিত হতে চলেছে এই বিয়ে। এই রাজকীয় অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে চলছে এলাহি প্রস্তুতি। আড়াই কোটি টাকার বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে ৪ লক্ষ অতিথির খাওয়ার আয়োজন—সব মিলিয়ে এই বিয়ে এখন আলোচনার শীর্ষে।
বিয়ের সবচেয়ে বড় চমক হতে চলেছে অনন্ত সিংয়ের জামাই ঋষিকেশ কুমারকে দেওয়া বিশেষ উপহার। জানা গিয়েছে, জামাইকে উপহার দিতে আড়াই কোটি টাকার বিলাসবহুল ‘ল্যান্ড রোভার ডিফেন্ডার’ গাড়ি ইতিমধ্যে পাটনায় পৌঁছে গিয়েছে। লদমা গ্রামে প্রায় ১০ বিঘা জমির ওপর বিশাল মণ্ডপ তৈরি করছেন উত্তরপ্রদেশের মৌ থেকে আসা বিশেষ কারিগররা, যেখানে জয়মালার জন্য থাকছে ৩০ ফুট উঁচু মঞ্চ। ৪ লাখ আমন্ত্রিতদের জন্য আয়োজিত হবে বিশেষ ভোজ, যেখানে বিহারের ঐতিহ্যবাহী পকৌড়া, সিলাওয়ের বিখ্যাত খাজা ও কাজু বরফি সহ প্রায় ১৫০ রকমের সুস্বাদু ব্যঞ্জন থাকবে।
অনুষ্ঠানে চমক বাড়াতে শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, উপস্থিত থাকার কথা রয়েছে সোনু সুদ, পবন সিং, অক্ষরা সিং, রবি কিশন, মনোজ তিওয়ারি ও উদিত নারায়ণের মতো বলিউড ও ভোজপুরি বিনোদন জগতের তারকাদের।