সমুদ্র সৈকতে সাদাকালোয় আশির দশকের প্রেম! বিয়ের আগেই স্বর্ণেন্দুকে নিয়ে কুপোকাত শ্রুতি

টলিউড তারকা জুটি শ্রুতি দাস এবং পরিচালক-প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দারের ঘরে এবার বাজতে চলেছে বিয়ের সানাই। আইনি বিয়ে আগেই সেরে ফেলেছিলেন এই পাওয়ার কাপল। তবে এবার আনুষ্ঠানিকভাবে সব রীতি মেনে সামাজিক বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। হাতে গোনা মাত্র আর কয়েটি দিন বাকি! তার আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল তাঁদের চোখধাঁধানো ‘প্রি-ওয়েডিং শুট’-এর রোমান্টিক ভিডিও।

শ্রুতি দাস নিজেই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই প্রি-ওয়েডিং ভিডিওটির ঝলক শেয়ার করেছেন। সমুদ্রের ঢেউয়ের সাথে কখনও কালো ও সাদার জুটিতে আশির দশকের নস্টালজিক নটায় ফুটিয়ে তুলেছেন নিজেদের প্রেম, আবার কখনও লাল-সাদার মায়াবী সাজে ফুটিয়ে তুলেছেন ভালোবাসার নতুন আভা। সমুদ্রের পাড়ে এই জুটির শান্ত ও স্নিগ্ধ লুক নিমেষেই নেটপাড়ায় আলোড়ন সৃষ্টি করেছে।

বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’-য় ‘নিশা’র চরিত্রে অভিনয় করছেন শ্রুতি। কাজের প্রচণ্ড চাপ ও টানা শুটিংয়ের ফাঁকেই সারতে হচ্ছে বিয়ের কেনাকাটা ও সমস্ত পরিকল্পনা। শ্রুতি জানান, “শুটিংয়ের ফাঁকেই কেনাকাটার সব কাজ সামলাচ্ছি। বাঙালি সাজেই সাজব। বাবা-মায়ের সঙ্গে মাঝেমধ্যে যাচ্ছি, আর স্বর্ণেন্দুর শপিংয়ের প্ল্যানিংও আমাকেই ফোন লাইনে রেখে করতে হচ্ছে। মাঝেমধ্যে ও কাজের ফাঁকে সময় বের করে সঙ্গে যাচ্ছে, বাকিটা বাবা-মায়ের ওপর ছেড়েছি।”

শ্রুতি আরও স্পষ্ট করেন যে, খুব আড়ম্বরপূর্ণ না করে ছিমছাম আয়োজনেই হচ্ছে তাঁদের বিয়ে। পরিবারের সদস্য, কাছের বন্ধু এবং ইন্ডাস্ট্রি ও সহকর্মীদের নিয়েই এই বিশেষ দিনটি উদযাপন করতে চান তাঁরা। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আইবুড়োভাত খাওয়াও শুরু হয়ে গিয়েছে, যার প্রথম পর্বটি সম্পন্ন হয়েছে খোদ ‘জোয়ার ভাঁটা’-র শুটিং ফ্লোরে। খবর অনুযায়ী, চলতি বছর ডিসেম্বরেই সব নিয়ম মেনে চার হাত এক হতে চলেছে তাঁদের।