অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার! বড় ধাক্কা খেয়ে দল থেকে বাদ পড়লেন তারকা ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিস

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। আগামী ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মাটিতে এই হাই-ভোল্টেজ সিরিজটি অনুষ্ঠিত হবে। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার হাতেই দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে থাকলেও দক্ষিণ আফ্রিকার এই স্কোয়াড জায়গা পাননি তরুণ হার্ডহিটার ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিস। মিডল অর্ডারে গভীরতা বাড়াতে টিম ম্যানেজমেন্ট ব্রেভিসের পরিবর্তে ম্যাথিউ ব্রিটজকে এবং ট্রিস্টান স্টাবসের ওপরই ভরসা রেখেছে।

চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন প্রোটিয়া পেস আক্রমণভাগের মূল স্তম্ভ কাগিসো রাবাডা। রাবাডার অনুপস্থিতিতে পেস বোলিং বিভাগ সামলাবেন লুঙ্গি এনগিডি, কোয়েনা মাফাকা, ওটনিয়েল বার্টম্যান এবং জেরাল্ড কোয়েটজি। এর মধ্যে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর দীর্ঘ প্রায় তিন বছর পর একদিনের দলে ফিরেছেন পেসার জেরাল্ড কোয়েটজি। অন্যদিকে, টি-টোয়েন্টি অধিনায়ক এইডেন মার্করামকে শুধুমাত্র সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের জন্য দলে রাখা হয়েছে। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজটিকেই নিজেদের সঠিক কম্বিনেশন গুছিয়ে নেওয়ার বড় সুযোগ হিসেবে দেখছেন প্রধান কোচ শুকরি কনরাড।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, করবিন বশ, ম্যাথিউ ব্রিটজকে, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরচুইন, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, কোয়েনা মাফাকা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন এবং ট্রিস্টান স্টাবস।