“অমরনাথ যাত্রায় হামলার ছক থেকে জওয়ান খুন”—কীভাবে সাধারণ ঘরের ছেলে লতিফ হয়ে উঠল জঙ্গি?

জম্মু ও কাশ্মীরে একের পর এক বড় ধাক্কা খাচ্ছে জঙ্গি সংগঠনগুলি। পুঞ্চ ও রাজৌরিতে লস্কর-ই-তৈবার স্থানীয় কমান্ডার মহম্মদ আসিফ ওরফে ফৌজি মুসার মৃত্যুর রেশ কাটতে না এবার দক্ষিণ কাশ্মীরেও বড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী। বুধবার ভোরে এক তীব্র বন্দুকযুদ্ধে খতম হলো উপত্যকার অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি, লস্কর কমান্ডার মহম্মদ লতিফ ভাট। যার মাথার ওপর ১৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ।
সাধারণ ঘরের ছেলে থেকে যেভাবে লতিফ হয়ে উঠল জঙ্গি
কুলগামের খ্রেওয়ান গ্রামের বাসিন্দা লতিফ ভাট দ্বাদশ শ্রেণি পাশের পর স্থানীয় সরকারি ডিগ্রি কলেজে ভর্তির আবেদন করলেও তা মাঝপথেই ছেড়ে দেয়। পরিবারের আর্থিক অনটনের কথা ভেবে সে জানলা-দরজার কাচ বসানোর কাজ শুরু করে। কিন্তু কাজে মন না বসার ফলেই তার জীবনে নেমে আসে অন্ধকার। ২০২৫ সালের নভেম্বর মাসে হঠাৎই নিখোঁজ হয়ে যায় সে। ১৯ নভেম্বর পরিবারের পক্ষ থেকে কুলগাম থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়।
গোয়েন্দা সূত্রের খবর, সেই সময়ই তার ব্রেনওয়াশ করা হয়েছিল এবং সে লস্করের সহযোগী সংগঠন ‘কাশ্মীর রেভলিউশন আর্মি’ (KRA)-র সঙ্গে যুক্ত হয়। ছোটখাটো নাশকতার মধ্য দিয়ে শুরু করে অল্পদিনের মধ্যেই দক্ষিণ কাশ্মীরের ত্রাসে পরিণত হয় লতিফ। এলাকাকে হাতের তালুর মতো চেনার সুবাদে সে বহুবার সেনাবাহিনীর চোখ ফাঁকি দিতে ওস্তাদ ছিল।
সেনার সঙ্গে রোমহর্ষক ‘হাইড অ্যান্ড সিক’
নিখোঁজ হওয়ার পর থেকেই লতিফকে ধরতে একাধিকবার ফাঁদ পেতেছিল যৌথ বাহিনী:
ডিসেম্বর ২০২৫: অনন্তনাগে তল্লাশির সময় সিসিটিভি ফুটেজ দেখে তার অবস্থান জানলেও ফস্কে যায় সে।
৮ জুলাই ২০২৬: অনন্তনাগের জঙ্গলে এনকাউন্টারে তার মেন্টর জাকির আহমেদ গনাই খতম হলেও ফের পালিয়ে যায় লতিফ।
১৬ নভেম্বর ২০২৬: লারু বাইপাস এলাকায় তার সহযোগী উমর নিসার দার নিহত হলেও প্রাণে বেঁচে চম্পট দেয় সে। তবে শেষরক্ষা আর হল না, বুধবার ভোরে কুলগামের জাঙ্গলপোরা গ্রামে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিকেশ হয় সে।
একাধিক নাশকতার ‘মাস্টারমাইন্ড’
নিখোঁজ হওয়ার পর থেকে দক্ষিণ কাশ্মীরে একাধিক রক্তক্ষয়ী ঘটনার মূল চক্রী ছিল এই লতিফ। যার মধ্যে রয়েছে—
গত ২২ জুলাই জম্মু ও কাশ্মীর পুলিশের এক হেড কনস্টেবলকে হত্যা।
৩১ জুলাই কুলগামের ইটভাটায় ছত্তিসগড়ের দুই পরিযায়ী শ্রমিককে খুন।
অমরনাথ যাত্রীদের উপর হামলার বড়সড় পরিকল্পনা।
১১ নভেম্বর কুলগামের আখরান এলাকায় সিআরপিএফের পোস্টে হামলা, যেখানে তিন জওয়ান আহত হয়েছিলেন।
বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের অগস্ট মাসেই লতিফকে কাশ্মীরের শেষ সক্রিয় স্থানীয় জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তাঁর এই পতনের মধ্য দিয়ে দক্ষিণ কাশ্মীরে স্থানীয় জঙ্গি নেটওয়ার্কের মূলোৎপাটন প্রায় সম্পন্ন হওয়ার পথে।