“আমার বাচ্চাটা শ্বাস নিতে পারছে না, দয়া করে রাস্তা দিন!” দেড় ঘণ্টা যানজটে আটকে থেকে মায়ের কোলেই ছটফট করে মৃত্যু ৮ মাসের শিশুর!

মহারাষ্ট্রের রায়গড় থেকে এক অত্যন্ত হৃদয়বিদারক ও নাড়া দেওয়ার মতো ঘটনা সামনে এসেছে। যানজটের কবলে পড়ে ঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে না পেরে মাত্র আট মাস বয়সি এক শিশুর প্রাণহানির অভিযোগ উঠেছে। সন্তানের জীবন বাঁচাতে আকুল মা রাস্তায় দাঁড়িয়ে বারবার হাতজোড় করে আকুতি জানালেও হৃদয় গলেনি যানজটে আটকে থাকা মানুষগুলোর। দীর্ঘ দেড় ঘণ্টা অ্যাম্বুলেন্সের মধ্যেই যন্ত্রণায় ছটফট করতে করতে মায়ের কোলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট সুশীল ঠাকুর।

কী ঘটেছিল সেদিন?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রায়গড়ের বামনগাঁওয়ের বাসিন্দা সুশীল ঠাকুর নামের ওই শিশুটি খেলার ছলে একটি বেলুন গিলে ফেলেছিল। এর ফলেই তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং সে শ্বাসকষ্টে ভুগতে শুরু করে। দ্রুত তাকে বাঁচাতে অ্যাম্বুলেন্সে তুলে আলিবাগ জেলা জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন আতঙ্কিত বাবা-মা। কিন্তু মাঝপথেই নেমে আসে চরম বিপর্যয়।

রাস্তা নির্মাণ এবং তীব্র যানজট

মহারাষ্ট্র রাজ্য পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে বর্তমানে বেলকাডে-আলিবাগ সড়কে রাস্তা নির্মাণের কাজ চলছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই কাজ চলাকালীন জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স চলাচলের জন্য কোনো বিকল্প বা সুনির্দিষ্ট ব্যবস্থা রাখা হয়নি কেন? সংশ্লিষ্ট বিভাগ পুরো রাস্তাটি একবারে বন্ধ করে দেওয়ায় সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। অ্যাম্বুলেন্সটি সেই দীর্ঘ জ্যামের মধ্যে আটকে পড়ে। বাবা বারবার আশপাশের লোকজনকে অনুরোধ করে রাস্তা খালি করার চেষ্টা করলেও লাভ হয়নি। প্রায় আড়াই ঘণ্টা পর কোনোমতে বিকেল ৪টার দিকে অ্যাম্বুলেন্সটি হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

স্বজনহারা বাবার বুকফাটা আর্তনাদ, “যদি সঠিক সময়ে পৌঁছাতে পারতাম, তবে নিজের সন্তানকে বাঁচিয়ে নিতে পারতাম!” এই মর্মান্তিক ঘটনায় রাস্তা নির্মাণকারী কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। জরুরি পরিস্থিতিতে জীবনের দাম না দিয়ে অপরিকল্পিতভাবে রাস্তা আটকে কাজ চালানোর এই খেসারত কেন একটি নিষ্পাপ শিশুকে দিতে হলো, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।