অপেক্ষার অবসান! স্বাধীনতার পর প্রথমবার পাকা রাস্তা মালদহের গ্রামে, কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে চিত্র

দীর্ঘ কয়েক দশকের বঞ্চনা আর জলযন্ত্রণার দিন শেষ হতে চলেছে। স্বাধীনতার পর এই প্রথমবার মালদহের ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা পেতে চলেছেন পাকা ঢালাই রাস্তা। বাগবাড়ি থেকে পলাশবাড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই বেহাল রাস্তার কারণে নাজেহাল হচ্ছিলেন হাজার হাজার মানুষ। অবশেষে শুক্রবার সেই কষ্টের অবসান ঘটিয়ে নতুন রাস্তার কাজের শুভ সূচনা হলো।
দুর্ভোগের দিনগুলি: গ্রামবাসীদের অভিযোগ ছিল, এতদিন সামান্য বৃষ্টি হলেই কাদার জন্য রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ত। কোনো চারচাকা গাড়ি তো দূরস্ত, জরুরি ভিত্তিতে অ্যাম্বুল্যান্সও গ্রামে ঢুকতে পারত না। অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে চরম বিপাকে পড়তে হতো স্থানীয়দের। এলাকার উজ্জ্বল সরকার নামে এক যুবক আবেগঘন কণ্ঠে বলেন, “ঠাকুরদার আমল থেকে এই কাঁচা রাস্তা দেখে আসছি। অবশেষে আজ পাকা রাস্তা হতে চলেছে দেখে খুব ভালো লাগছে।”
প্রকল্পের খুঁটিনাটি:
বাজেট: পশ্চিমবঙ্গ সরকারের ‘পথশ্রী’ প্রকল্পের অধীনে প্রায় ১ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটি তৈরি হচ্ছে।
উপকারভোগী গ্রাম: পলাশবাড়ি, দামোদরপুর, নাটভাটাপল্লী, শ্রীরামপুর, দুয়ারবাসিনি এবং বাগবাড়ি—এই ছয়টি গ্রামের মানুষ সরাসরি উপকৃত হবেন।
উদ্বোধন: মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ নারকেল ফাটিয়ে এবং ফিতে কেটে কাজের শিলান্যাস করেন।
সভাাধিপতি জানান, “গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি। অবশেষে সেই দাবি পূরণ হলো। আগামী দিনে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে আরও জোর দেওয়া হবে।”