অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি অ্যাকাউন্টে? কী করতে হবে, বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী গত ১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করেছে। ধাপে ধাপে যোগ্য মহিলারা এই আর্থিক সহায়তা পাচ্ছেন। তবে এর মধ্যেই যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি কিংবা যাঁরা আবেদন সংক্রান্ত বিষয়ে চিন্তায় রয়েছেন, তাঁদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরে অন্নপূর্ণা যোজনার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, কোনও যোগ্য উপভোক্তা যাতে বঞ্চিত না হন, তার জন্য প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভবানীপুরের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, শুধু ওই বিধানসভা কেন্দ্রেই ইতিমধ্যেই হাজার হাজার মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে গিয়েছে। এর পরেও যদি কোনো যোগ্য উপভোক্তা বাদ পড়ে থাকেন, তবে তাঁদের হতাশ হওয়ার প্রয়োজন নেই। গত ৩১ জুলাইয়ের মধ্যে যাঁরা আবেদন করেছেন, তাঁদের নাম পোর্টালে যাচাই করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক উপভোক্তা নিজে পোর্টাল ব্যবহার করতে না পারলে স্থানীয় দলীয় কর্মী, মণ্ডলের প্রতিনিধি, ওয়ার্ডের কর্মী ও মহিলা মোর্চার সদস্যরা বাড়ি গিয়ে নাম নথিভুক্ত করে দেওয়ার কাজে সাহায্য করবেন বলে জানান তিনি। সাধারণ মানুষের আস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে যাতে একজনও যোগ্য প্রাপক বাদ না যান।
এর আগে গত ১৪ আগস্ট এক সাংবাদিক বৈঠকে অন্নপূর্ণা যোজনার নিয়মাবলীতে কিছু গুরুত্বপূর্ণ শিথিলতার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বিশেষ চাহিদাসম্পন্ন বা দিব্যাঙ্গ ভাতা প্রাপকরা এখন থেকে এই যোজনার সুবিধা পেতে পারেন। তাঁরা নির্ধারিত ভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকাও একসঙ্গে পাবেন। একইভাবে পিএম কিষান সম্মান নিধি প্রাপকদের ক্ষেত্রেও নিয়মে ছাড় দেওয়া হয়েছে, ফলে তাঁরাও এই দুই সুবিধার আওতায় আসতে পারবেন।
পাশাপাশি, ২৫ থেকে ৬০ বছর বয়সি নারীরা যাঁরা এর আগে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৩০০০ টাকার কম পেনশন পেতেন—যেমন বিধবা ভাতা—তাঁদের ক্ষেত্রেও বড় পদক্ষেপ করা হয়েছে। এখন থেকে এই ধরনের স্কিমের আওতায় যাঁরা তিন হাজার টাকার কম পেতেন, তাঁদের সরাসরি অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ ৩০০০ টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য সরকারের এই পদক্ষেপে বহু মহিলা আর্থিকভাবে আরও বেশি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।