অনলাইন প্রতারণায় সর্বস্ব হারিয়েছেন? ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হওয়া টাকা ঘরে বসেই ফেরৎ পেতে চালু হলো বিশেষ পোর্টাল

দিন দিন উদ্বেগজনক হারে বেড়েই চলেছে সাইবার জালিয়াতির ঘটনা। ওটিপি জালিয়াতি থেকে শুরু করে সুকৌশলে ডিজিটাল গ্রেফতারের ফাঁদে ফেলে মানুষের কষ্টার্জিত টাকা নিমেষে আত্মসাৎ করে চলেছে প্রতারকরা। কিছু বুঝে ওঠার আগেই ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাওয়ার ঘটনায় দিশাহারা হয়ে পড়েন সাধারণ মানুষ। তবে স্বস্তির বিষয় হলো, সাইবার অপরাধের শিকার হওয়া ব্যক্তিদের হারানো টাকা ঘরে বসেই ফিরিয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবারক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C)—এর পক্ষ থেকে চালু করা হয়েছে মোবাইল রিস্টোরেশন মডিউল বা এমআরএম (MRM) সাব-পোর্টাল। ন্যাশনাল সাইবারক্রাইম রিপোর্টিং পোর্টাল (NCRP)-এর একটি অংশ এই এমআরএম। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ব্যাংক বা সরকারি দপ্তরে চক্কর কাটার ঝামেলা ছাড়াই অনলাইনে রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।

টাকা ফেরতের প্রধান শর্ত এমআরএম পোর্টালে আবেদন করলেই যে সবাই টাকা ফেরত পাবেন, বিষয়টি এমন নয়। প্রতারকদের হাত থেকে বাঁচানো বা জালিয়াতির অর্থ যদি ইতিমধ্যেই সংশ্লিষ্ট অভিযুক্তের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত বা ফ্রিজ করা হয়ে থাকে, তবেই এই পোর্টার মাধ্যমে টাকা ফেরতের আবেদন করা সম্ভব। পাশাপাশি, প্রতারণার শিকার হওয়ার সঙ্গে সঙ্গেই ১৯৩০ হেল্পলাইন নম্বর অথবা এনসিআরপি পোর্টালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা বাধ্যতামূলক।

রিফান্ডের বিভিন্ন ক্যাটাগরি ও নিয়মাবলী এমআরএম পোর্টালে টাকা ফেরতের প্রক্রিয়াটি মূলত তিনটি ভাগে বিভক্ত:

  • আটকে রাখা বা জব্দ করা অর্থের পরিমাণ যদি ৫০ হাজার টাকার কম হয়, তবে এফআইআর বা আদালতের আদেশের কপি ছাড়াই সরাসরি পুলিশের অভিযোগের ভিত্তিতে টাকা ফেরত পাওয়া সম্ভব।

  • যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্টে আটকে থাকা মোট টাকার পরিমাণ ৫০, হাজার টাকার বেশি হয়, কিন্তু কোনো একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে সেই পরিমাণ ৫০,০০০ অতিক্রম না করে, সেক্ষেত্রেও আলাদা করে এফআইআর বা আদালতের আদেশের প্রয়োজন হয় না।

  • তবে যদি কোনো একটিমাত্র ব্যাংক অ্যাকাউন্টে জব্দ করা টাকার পরিমাণ ৫০,০০০ অতিক্রম করে, সেক্ষেত্রে টাকা ফেরতের আবেদন করার আগে আবশ্যিকভাবে এফআইআর দায়ের করতে হবে এবং আদালতের নির্দিষ্ট আদেশ সংযুক্ত করতে হবে।

পোর্টালে আবেদন করার সহজ পদ্ধতি ১. আবেদন করার পূর্বে আপনার সঠিক ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, প্যান কার্ডের ডিজিটাল কপি, ১৪-সংখ্যার এনসিআরপি অভিযোগ নম্বর এবং নিবন্ধিত মোবাইল নম্বর হাতের কাছে প্রস্তুত রাখুন।

২. প্রথমে অফিসিয়াল MRM পোর্টালে প্রবেশ করে সিটিজেন লগইন নির্বাচন করুন। এরপর এনসিআরপি-তে রেজিস্টার্ড মোবাইল নম্বরের মাধ্যমে ওটিপি (OTP) দিয়ে লগইন প্রক্রিয়া সম্পন্ন করুন।

৩. পোর্টালে প্রবেশ করে ‘Raise Refund Request’ অপশনে যান এবং আপনার ১৪-সংখ্যার কমপ্লেন আইডি (Complaint ID) টাইপ করুন।

৪. এরপর স্ক্রিনে জব্দ করা অর্থের পরিমাণ দেখতে পাবেন। সেখানে আপনার প্যান কার্ড আপলোড করার পর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি (IFSC) কোড দিন। প্রয়োজন সাপেক্ষে আদালতের আদেশের ডিজিটাল কপিও আপলোড করতে হবে।

৫. সমস্ত প্রক্রিয়া শেষে ডিক্লারেশন বক্সে টিক দিয়ে সাবমিট করলেই পোর্টালটি ‘MR2026’ দিয়ে শুরু একটি ইউনিক রিকোয়েস্ট আইডি জেনারেট করবে, যার মাধ্যমে আপনি সহজেই আপনার রিফান্ডের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।