ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (SIR) কাজ চলাকালীন রাসবিহারী বিধানসভা কেন্দ্রে গুরুতর অনিয়মের অভিযোগ উঠল। ওই কেন্দ্রের ১৯২ নম্বর পার্টের বুথ লেভেল অফিসার (BLO) প্রমহাংশ প্রসাদ সরকারি দায়িত্ব পালনে নিরপেক্ষতা ভঙ্গ করেছেন বলে অভিযোগ।
শাসকদলের কর্মীর দোকানে বসে SIR-এর কাজ
বিধানসভার বিএলএ-১ রোহন কুন্ডু জেলা নির্বাচন আধিকারিককে ইমেলের মাধ্যমে জানিয়েছেন যে, অভিযুক্ত বিএলও-কে ক্ষমতাসীন রাজনৈতিক দলের এক কর্মীর দোকানের ভিতরে বসে SIR-সংক্রান্ত সরকারি কাজ করতে দেখা গিয়েছে। যা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার নীতির সম্পূর্ণ বিরোধী। অভিযোগকারী ঘটনার প্রমাণ হিসেবে ছবি ও ভিডিও জমা দিয়েছেন। তিনি দ্রুত তদন্ত এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে SIR প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ থাকে।
অযোগ্য ভোটার তালিকায় থাকলে জেল-জরিমানা
অন্যদিকে, জাতীয় নির্বাচন কমিশন SIR প্রক্রিয়া নিয়ে চরম কড়া অবস্থান নিয়েছে। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীসহ কমিশনের কর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অযোগ্য একজন ভোটারের উপস্থিতি (মৃত বা ‘ভুতুড়ে’ ভোটার) খসড়া তালিকায় থাকলে দায় বর্তাবে এই কাজে জড়িত আধিকারিকদের উপরেই। এক্ষেত্রে জেল ও জরিমানার মতো শাস্তিও হতে পারে। একাধিক অভিযোগ জমা পড়ায় কমিশন বিশেষভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে সতর্ক করেছে।
কমিশন কাজের চাপ কমাতে ১২০০-এর বেশি ভোটার যেখানে, সেখানে বিএলওদের সহকারী নিয়োগের সিদ্ধান্ত জানিয়েছে। তবে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে:
ভোটারদের ছবি তোলা ও যাচাই করা বাধ্যতামূলক।
ফর্মের সাথে ছবি সাঁটানো আছে কি না, তা BLO-কে নিশ্চিত করতে হবে।
যে ভোটারদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাঁদের সম্পর্কে তিনবার বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে এবং এলাকায় জিজ্ঞাসাবাদ করে তথ্য অ্যাপে দাখিল করতে হবে।
১৮ নভেম্বর কমিশনের উচ্চপর্যায়ের দল আসছে
SIR-এর অগ্রগতি খতিয়ে দেখতে জাতীয় নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের একটি দল আগামী ১৮ নভেম্বর রাজ্য সফরে আসছে। উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে এই দল দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মালদহ এবং মুর্শিদাবাদ জেলা পরিদর্শন করবে। ১৮ নভেম্বরই তাঁরা কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। ২১ নভেম্বর ভোটযন্ত্র (ইভিএম/ভিভিপ্যাট) যাচাইয়ের কর্মশালাতেও তাঁরা উপস্থিত থাকবেন।