সন্তানের উচ্চতা বাড়াতে চান? খেলাধুলায় ভরসা রাখুন!

সব বাবা-মাই চান তাদের সন্তান শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকুক। এর পাশাপাশি, অনেক অভিভাবক সন্তানের শারীরিক গঠন এবং উচ্চতা নিয়েও চিন্তাভাবনা করেন। বয়সের তুলনায় সন্তানের উচ্চতা কম হচ্ছে কিনা বা সে সঠিক উচ্চতা নিয়ে বেড়ে উঠছে কিনা, সেদিকে নজর রাখেন অনেক সচেতন বাবা-মা।
এ ক্ষেত্রে সন্তানের সঠিক উচ্চতা নিশ্চিত করতে খেলাধুলা বা শরীরচর্চার কোনো বিকল্প নেই। শিশুদের সুস্থতার একটি গুরুত্বপূর্ণ অংশই হলো শারীরিক কসরত। কিছু নির্দিষ্ট শারীরিক ব্যায়াম ও খেলাধুলা রয়েছে, যা সন্তানের সুস্থতার পাশাপাশি সঠিক উচ্চতা নিয়ে বেড়ে উঠতে বিশেষভাবে সহায়তা করে। চলুন জেনে নিই এমন কিছু কার্যকর খেলাধুলা সম্পর্কে:
উচ্চতা বৃদ্ধিতে সহায়ক খেলাধুলা:
বাস্কেটবল: আপনার সন্তানকে বাস্কেটবলের সঙ্গে পরিচয় করিয়ে দিন। উচ্চতা বৃদ্ধির জন্য এই খেলার জুড়ি মেলা ভার। বাস্কেটবল খেলার সময় লাফানো, দৌঁড়ানো, বল নিক্ষেপ ইত্যাদি কসরত শরীরের বিভিন্ন পেশিতে রক্ত চলাচল কয়েক গুণ বৃদ্ধি করে, যা উচ্চতা বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও, বাস্কেটবল শরীর থেকে অতিরিক্ত চর্বি ঝরানোর জন্য একটি নিখুঁত ব্যায়াম হিসেবেও কাজ করে।
সাঁতার: এই খেলাটি আপনার বাচ্চাকে অতিরিক্ত কিছু ইঞ্চি উচ্চতা অর্জনে সাহায্য করার একটি আদর্শ উপায়। সাঁতারের জন্য সমস্ত শরীর, পা এবং বাহু সম্পূর্ণভাবে নাড়ানো প্রয়োজন, যার ফলে হাড়ের বিকাশ এবং বৃদ্ধি হয়। সাঁতারের সব শৈলীগুলির মধ্যে, উচ্চতা বাড়ানোর জন্য চিৎসাঁতার সবচেয়ে ভালো।
সাইক্লিং: যদি উচ্চতা বৃদ্ধির জন্য সহজে শেখার মতো কিছু চান, সাইকেল চালানোই হলো সব দিক থেকে ভালো। এটি প্রধানত উরুর এবং নিম্নাঙ্গের পেশিকে প্রাধান্য দেয়। সাইকেল চালালে নিতম্বের পেশিগুলোও উদ্দীপিত হয় এবং আপনার মেরুদণ্ড কিছুটা প্রসারিত হয়। পা প্রসারিত করার জন্য আসনের উচ্চতা একটু বেশি রাখার চেষ্টা করুন, যা উচ্চতা বাড়ানোর জন্য সহায়ক। তবে আসনের উচ্চতা অতিরিক্ত বেশি রাখবেন না, কারণ এতে শরীরের গাঁটে গাঁটে প্রবল চাপ সৃষ্টি হতে পারে।
ব্যাডমিন্টন: উচ্চতা বৃদ্ধির জন্য ব্যাডমিন্টন সত্যিই কার্যকর। ব্যাডমিন্টন কাঁধের পেশিকে সচল করে মেরুদণ্ডকে প্রসারিত করবে। তাছাড়া পিছনের শট এবং স্ম্যাশগুলো আপনার কাঁধ এবং পিছনের পেশি উভয়ের জন্যই উদ্দীপক হতে পারে, যা উচ্চতা বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর।