সন্তানকে নম্র ও ভদ্র করে তুলতে চান? এই ৮ কৌশল অবলম্বন করুন!

ছোটবেলা থেকেই সন্তানকে নম্র, ভদ্র ও সভ্য হওয়ার শিক্ষা দেওয়া প্রতিটি বাবা-মায়ের প্রধান দায়িত্ব। শৈশবে শেখা এই মূল্যবোধগুলোই তাদের ভবিষ্যৎ জীবনে দৃঢ় ভিত্তি স্থাপন করে। তবে পারিপার্শ্বিক নানা কারণে অনেক সময় সন্তানের মধ্যে রাগ, ক্ষোভ বা রুক্ষ ব্যবহার দেখা যেতে পারে। সন্তানের এমন আচরণে ব্যথিত হন অভিভাবকরা এবং বিভিন্ন উপায়ে তাদের নম্র ও ভদ্র করে তোলার চেষ্টা করেন।

এখানে এমন আটটি কার্যকরী উপায় তুলে ধরা হলো, যা আপনার সন্তানকে বিনয়ী করে তুলতে সহায়ক হবে:

১. অভিভাবকেরাই প্রথম উদাহরণ: শিশুরা তাদের বাবা-মাকে দেখেই শেখে। আপনি যদি অন্যের সাথে কঠোরভাবে কথা বলেন বা অধৈর্য্য হন, আপনার সন্তান অজান্তেই সেই আচরণ রপ্ত করবে। তাই প্রথমত, নিজেদের মধ্যে পরিবর্তন আনুন। নম্র আচরণ করুন এবং ধৈর্য ধরতে শিখুন। আপনার দেখাদেখি সন্তানও তাই করবে।

২. অন্যের প্রতি সাহায্যের হাত বাড়ানো শেখান: আজকাল ব্যস্ত জীবনে অন্যের সাহায্য করার প্রবণতা কমে গেছে। আপনার সন্তানকে ছোটবেলা থেকেই অন্যের প্রতি সহানুভূতিশীল হতে এবং সাহায্য করতে শেখান। এতে তাদের মনে বিনম্রতার জন্ম হবে। অন্যকে সাহায্য করলে যে মানসিক শান্তি পাওয়া যায়, তা তাদের অনুভব করতে দিন। এই স্বভাব ভবিষ্যতে তাদের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আনবে।

৩. ভালো ব্যবহারের শিক্ষা দিন: সন্তানকে ভালো ব্যবহারের শিক্ষা দেওয়ার দায়িত্বও অভিভাবকদের। কোনো ভুল করলে তা স্বীকার করতে শেখান। এর মাধ্যমে তারা মিথ্যা বলা এবং নিজের ভুল অন্যের উপর চাপানোর অভ্যাস ত্যাগ করবে। সন্তানকে ভুল স্বীকার করতে এবং ক্ষমা চাইতে উৎসাহিত করুন। এটি তাদের স্বভাবকে নমনীয় করবে।

৪. অহংকার পরিহার করতে শেখান: অহংকারের মনোভাব শিশুদের মানসিকতার জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি তাদের মনে নেতিবাচক চিন্তাভাবনার জন্ম দেয়। তাই আপনার সন্তানের মনে যেন অহংকার বাসা বাঁধতে না পারে সেদিকে খেয়াল রাখুন। যদি সন্তানের মধ্যে অহংকারের প্রবণতা দেখেন, তবে তাকে অন্যদের সাথে মিশতে উৎসাহিত করুন। এর মাধ্যমে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠবে এবং তারা অন্যের অনুভূতি বোঝার চেষ্টা করবে।

৫. মহাপুরুষদের অনুপ্রেরণামূলক গল্প শোনান: মহাপুরুষদের জীবনের নীতি ও আদর্শের গল্প শুনিয়ে আপনার সন্তানের মনে নম্রতার বীজ বপন করতে পারেন। এই ধরনের কাহিনী শিশুদের উৎসাহিত করে এবং তারা সেই মহান ব্যক্তিদের নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করে জীবনে এগিয়ে যেতে চাইবে। এর ফলে ধীরে ধীরে তাদের আচরণে ইতিবাচক পরিবর্তন আসবে।

৬. অন্যের প্রশংসাও করতে শেখান: নিজের প্রশংসা শুনতে যেমন সবাই ভালোবাসে, তেমনই আপনার সন্তানও তার প্রশংসা শুনে গর্ব অনুভব করবে। তবে এর পাশাপাশি তাকে অন্যের গুণাবলী ও ভালো কাজের প্রশংসা করতেও শেখান। এর ফলে আপনার সন্তানের প্রতি অন্যদের আকর্ষণ বাড়বে এবং তার মনে বিনম্রতার সঞ্চার হবে।

৭. সামাজিক মেলামেশার সুযোগ দিন: শিশুদের মনে বিনম্রতার ধারণা তৈরি করার জন্য অন্যদের সাথে মিলেমিশে থাকা অত্যন্ত জরুরি। এর মাধ্যমে তাদের একাগ্রতা বৃদ্ধি পায় এবং ধৈর্য ও বিনয়ের বিকাশ ঘটে। আপনার সন্তানকে অন্য বাচ্চাদের সাথে বাইরে খেলতে যেতে দিন। তাদের সামাজিক পরিধি বাড়বে এবং তারা মিশুকে হয়ে উঠতে শিখবে।

৮. সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল করুন: প্রত্যেক বাবা-মায়ের উচিত তাদের সন্তানকে নিজেদের সংস্কৃতি সম্পর্কে জানানো। বড়দের সম্মান করা, অন্যের সাহায্য করা, দরিদ্র ও অসহায়দের দান করা ইত্যাদি মূল্যবোধ তাদের মধ্যে গেঁথে দিন। এই শিক্ষাই আপনার সন্তানকে নম্র, ভদ্র ও সভ্য মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।