রান্না শেষেও সবজির রং থাকবে একদম সবুজ ও উজ্জ্বল! জেনে নিন রেস্তোরাঁর রাঁধুনিদের ব্যবহৃত ‘ব্লাঞ্চিং’ কৌশল!

রান্নার স্বাদটাই কেবল সব নয়, খাবারের আকর্ষণীয়তাও খুব গুরুত্বপূর্ণ। রঙিন সবজিগুলো রান্নার পরে কেমন ফ্যাকাসে হয়ে গেলে দেখতে ভালো লাগে না এবং খাবার খাওয়ার আগ্রহও কমে যায়। অনেকের ক্ষেত্রেই রান্নার পরেও সবজির রং ধরে রাখা সম্ভব হয় না। তবে এটি খুব কঠিন কিছু নয়। কয়েকটি সহজ ধাপ মেনে চললেই রান্নার পরেও সবজির রং থাকবে একদম অটুট।
চলুন জেনে নেওয়া যাক সবজির রং উজ্জ্বল রাখার সেই ৬টি কার্যকরী কৌশল:
১। ধোয়ার সঠিক পদ্ধতি: প্রথমে সবজিগুলো আস্তই ধুয়ে নিন। এরপর খোসা ফেলার দরকার হলে খোসা ফেলে কেটে নিন। পরিষ্কার করে ধুয়ে কাটলে অনেক সময় কাটার পরে না ধুলেও চলে। তবে আপনি চাইলে কাটার পরে একবার দ্রুত ধুয়ে নিতে পারেন।
২। জল গরম করুন: একটি বড় পাত্র বা হাড়িতে অর্ধেক পরিমাণ জল বসান। জল গরম হয়ে টগবগ করে ফুটতে শুরু করলে সবজিগুলো সেই জলে দিন।
৩। ব্লাঞ্চিং (Blanching): ফুটন্ত জলে সবজিগুলো অন্তত ছয়-সাত মিনিট (সবজির ধরন অনুযায়ী) ফোটান। এই প্রক্রিয়াকে ‘ব্লাঞ্চিং’ বলা হয়, যা সবজির উজ্জ্বল রং ধরে রাখতে সাহায্য করে।
৪। দ্রুত ঠাণ্ডা করুন (আইস বাথ): এবার চুল বন্ধ করে দিন। সবজিগুলো একটি বড় চালনি বা ছাঁকনিতে ঢেলে গরম জল ঝরতে দিন। এবার দ্রুত তার উপর ঠান্ডা জল ঢেলে সবজিগুলো ঠান্ডা হতে দিন। আপনি চাইলে সবজির গরম জল ছেঁকে নিয়ে সরাসরি বরফ-ঠান্ডা জলের পাত্রে কিছুক্ষণ ডুবিয়েও রাখতে পারেন।
৫। ঠাণ্ডা জলের ব্যবহার: এই দ্রুত ঠাণ্ডা করার প্রক্রিয়ার (আইস বাথ) কারণেই সবজিগুলো একদম রঙিন এবং উজ্জ্বল থাকবে। এক্ষেত্রে ফ্রিজের বরফ ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন।
৬। খোলা রান্না ও সংরক্ষণ: ঠাণ্ডা করার পর যদি সবজি তখনই রান্না করতে চান, তবে চেষ্টা করুন না ঢেকে রান্না করার। ঢেকে রান্না করলে শাক-সবজির রং নষ্ট হয়ে যায়। যদি সংরক্ষণ করতে চান, তবে জল ঝরিয়ে পলিব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিন।