বাড়তি ভুঁড়ি কমাবেন কীভাবে? হাঁটু ব্যথা, ডায়াবেটিস থেকে বাঁচতে মেনে চলুন এই ৫টি ঘরোয়া উপায়

বাড়তি ভুঁড়ি মানেই শুধু বাহ্যিক সৌন্দর্যের ক্ষতি নয়, এটি স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত ক্ষতিকর। বাড়তি মেদের কারণে হাঁটু ব্যথা, প্রেশার, ডায়াবেটিস, কোমর ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। সেইসঙ্গে নিদ্রাহীনতা, শ্বাসকষ্ট এবং অল্পেই হাঁপিয়ে ওঠার মতো সমস্যাও দেখা যায়। তাই ভুঁড়ি দেখা দিলেই সতর্ক হতে হবে।

আমরা প্রতিদিন যতটুকু খাবার খাই, শরীর সেখান থেকেই শক্তি পায়। কিন্তু না জেনে আমরা বেশিরভাগ সময়েই উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খেয়ে ফেলি এবং শারীরিক পরিশ্রমের অভাবে সেই অতিরিক্ত ক্যালোরি ফ্যাট বা গ্লুকোজের আকারে শরীরে জমা হয়। একবার ভুঁড়ি বাড়তে শুরু করলে তা দূর করা কঠিন। তবে ঘরোয়া কিছু উপায় মেনে চললে এই সমস্যার সমাধান করা সম্ভব।

ভুঁড়ি কমানোর ৫টি কার্যকর উপায়
১. নিয়মিত শরীরচর্চা ও সক্রিয়তা: অলস জীবনযাপন এবং মুখরোচক খাবার খাওয়া—এই দুটি কাজ ভুঁড়ি বাড়ানোর জন্য প্রধানত দায়ী। তাই ভুঁড়িবিহীন সুস্থ শরীর পেতে পরিমিত খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করতে হবে। হাঁটা, যোগা বা হালকা ব্যায়াম প্রতিদিনের রুটিনে অন্তর্ভুক্ত করুন।

২. ঘরে তৈরি খাবারে আস্থা: বাইরের সুস্বাদু খাবারকে না বলুন। এর বদলে অতিরিক্ত মশলাদার কিংবা তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন এবং ঘরে তৈরি খাবার খান। ডুবোতেলে ভাজা খাবার, ফাস্টফুড, রেড মিট, কোমল পানীয়—এগুলো তালিকা থেকে বাদ দিন। হালকা নাস্তা হিসেবে সালাদ, ফল, ঝলসানো খাবার, বাদাম ও টক দই খেতে পারেন।

৩. পেটে জায়গা খালি রেখে খান: পেট ভরে একেবারে খাওয়া সঠিক অভ্যাস নয়। সব সময় চেষ্টা করুন পেটে কিছুটা জায়গা খালি রেখে খাওয়ার। এতে হজম প্রক্রিয়া উন্নত হবে এবং অতিরিক্ত ক্যালোরি নিয়ে সমস্যায় পড়তে হবে না।

৪. যেসব ‘সাদা খাবার’ এড়িয়ে চলবেন: বিশেষজ্ঞরা কিছু নির্দিষ্ট খাবারকে ভুঁড়ি বাড়ার জন্য সরাসরি দায়ী করেন। এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে। তিনটি সাদা রঙের খাবার: ভাত, ময়দা ও চিনি—এড়িয়ে চলুন। সম্ভব হলে পাতে রাখুন ঢেকিছাঁটা লাল চাল, ময়দার বদলে আটার তৈরি রুটি এবং চিনির বদলে গুঁড় অথবা মধু খেতে পারেন।

৫. প্রয়োজনীয় প্রোটিন ও জল: অনেকে ওজন বৃদ্ধির ভয়ে প্রোটিন বাদ দেন। কিন্তু শরীরের সুস্থতার জন্য প্রয়োজনীয় প্রোটিন রাখা জরুরি। খাবারের তালিকায় মুরগির মাংস, ছোট মাছ, সবুজ শাক-সবজি রাখুন। সেইসঙ্গে পর্যাপ্ত পরিমাণে মৌসুমী ফল ও বিশুদ্ধ জল পান করুন, যা হজম ও বিপাক ক্রিয়া সচল রাখবে।