প্রাক্তন প্রেমিক/প্রেমিকা? পুরুষদের চেয়ে নারীরাই বেশি ঘৃণা করেন, বলছে গবেষণা!

প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকা অবস্থায় প্রেমিক-প্রেমিকা একে অপরের কাছে সবচেয়ে শান্তির আশ্রয়স্থল। তবে সম্পর্ক ভেঙে গেলে সেই মানুষটিই বেদনার অন্য নাম হয়ে দাঁড়ায়। “প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা” বিষয়টি স্বাভাবিকভাবেই সকলের কাছে আবেগপূর্ণ। তবে এই আবেগের তীব্রতায় ভিন্নতা দেখা যায়। কারো কাছে প্রাক্তন সঙ্গী স্পর্শকাতর বিষয়, আবার কেউবা তাদের প্রতি ক্ষুব্ধ থাকেন। কেউ প্রাক্তনের স্মৃতি আঁকড়ে বাঁচতে চান, আবার কেউ প্রাক্তনকে হুমকি বা ঘৃণার চোখে দেখেন।

তবে, প্রাক্তনকে ঘৃণা করার ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীরাই বেশি এগিয়ে, এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।

সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পারসোনালিটি সায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণাটিতে বলা হয়েছে, পুরুষরা তাদের প্রাক্তন সঙ্গীকে নিয়ে যতটা ইতিবাচক মনোভাব পোষণ করেন, নারীরা ততটা করেন না। অস্ট্রিয়ার গ্রেজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ৯০০ জন প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের উপর একটি জরিপ চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। গবেষণায় অংশগ্রহণকারী প্রত্যেকেরই পূর্বে সম্পর্ক ভেঙে যাওয়ার পর নতুন সম্পর্কে জড়ানোর অভিজ্ঞতা ছিল।

গবেষণায় দেখা গেছে, নারীরা তাদের আগের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু বিপরীতে সঙ্গীর ভালোবাসার অভাব স্পষ্ট ছিল। অন্যদিকে, পুরুষরা সম্পর্ককে অনেকটা ছেলেখেলা হিসেবে দেখেন এবং মানসিক সংযোগের চেয়ে শারীরিক সম্পর্কের উপর বেশি গুরুত্ব দেন।

সহজ ভাষায় বলতে গেলে, সম্পর্ক দীর্ঘস্থায়ী না হলে নারীরা সেটিকে সময়ের অপচয় হিসেবে গণ্য করেন। বিপরীতে, পুরুষরা তাদের আগের সম্পর্ক নিয়ে তেমন চিন্তিত নন। তারা মনে করেন, যেহেতু সম্পর্ক আর নেই, তাই সেখানে আর কোনো প্রত্যাশা নেই।

গবেষকরা আরও জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই বিচ্ছেদের জন্য নারীরা তাদের প্রেমিককে দায়ী করেন। এমনকি অনেক নারী তাদের পুরুষ সঙ্গীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও তোলেন। তবে পুরুষদের কাছে এর কারণ জানতে চাওয়া হলে, তারা অনেকেই সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করতে পারেন না।

গবেষণায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। নারীরা একটি সম্পর্ক থেকে বেরিয়ে এসে দ্রুত নতুন সঙ্গী খুঁজতে আগ্রহী হন এবং তাদের বর্তমান সঙ্গীর কাছে প্রাক্তন প্রেমিকের নেতিবাচক দিকগুলো তুলে ধরে বোঝানোর চেষ্টা করেন যে তাদের প্রাক্তন ভালো ছিল না। অপরদিকে, বেশিরভাগ পুরুষ এটা মনে করে না যে তাদের প্রাক্তন প্রেমিকা তাদের যোগ্য ছিল না।

এই গবেষণা প্রাক্তন সম্পর্ক এবং বিচ্ছেদের পরবর্তী মানসিকতায় নারী ও পুরুষের ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে। যেখানে নারীরা সম্পর্ক ভাঙার কষ্ট এবং এর কারণ অনুসন্ধানে বেশি মনোযোগী হন, সেখানে পুরুষরা তুলনামূলকভাবে দ্রুত সেই অধ্যায় থেকে বেরিয়ে আসতে চেষ্টা করেন।