পুরো মাথায় কন্ডিশনার, নাকি পোশাকে পারফিউম?—সাজগোজের সময় আমরা যে ৫টি সাধারণ ভুল করি, এখনই শুধরে নিন

সাজগোজ তো আমরা সবাই করি, কিন্তু সব সময় কি তা সঠিকভাবে করা হয়? অনেক সময় ছোট ছোট কিছু ভুলের কারণে ত্বক, চুল ও পোশাকের ক্ষতি হয়। জীবনশৈলীর বিশেষজ্ঞেরা এমন ৫টি সাধারণ ভুল চিহ্নিত করেছেন, যা প্রায় আমরা সকলেই করে থাকি। এই ভুলগুলো আজই শুধরে নেওয়া জরুরি।

১. পুরো মাথায় কন্ডিশনার লাগানো: এই ভুলটি প্রায় সবাই করেন। শ্যাম্পু করার পর চুলের আর্দ্রতা ধরে রাখতে কন্ডিশনার লাগানো হলেও, তা শুধু চুলের ডগা থেকে মাঝামাঝি অংশে লাগানো উচিত। কন্ডিশনার মাথার স্ক্যাল্পে লাগানো একদমই উচিত নয়। স্ক্যাল্পে কন্ডিশনার লাগালে চুল চিটচিটে হয় এবং চুলের গোড়া নরম হয়ে যায়।

২. পোশাকে পারফিউম স্প্রে করা: অনেকেই মনে করেন পারফিউম পোশাকে লাগানো উচিত। কিন্তু পারফিউম সরাসরি শরীরের ত্বকে লাগানোই সঠিক পদ্ধতি। পোশাকে পারফিউম লাগালে তাতে স্থায়ী দাগ (Stain) পড়ে যায়। দীর্ঘ সময় রেখে দিলে পোশাক থেকে অদ্ভুত গন্ধও বের হতে পারে।

৩. গলার ত্বককে অবহেলা: ময়শ্চারাইজার, ক্রিম বা মেক আপ করার সময় আমরা বেশিরভাগ সময়ই শুধু মুখে মনোযোগ দিই, কিন্তু গলার ত্বককে অবহেলা করি। গলার ত্বক কিন্তু মুখের তুলনায় অনেক বেশি নরম ও সংবেদনশীল। গলায় ক্রিম না লাগানোয় মুখের তুলনায় গলার ত্বক শুষ্ক লাগে এবং মেক আপ না করলে মুখের সঙ্গে গলার রঙের পার্থক্য স্পষ্ট বোঝা যায়। তাই মুখ ও গলা—উভয় স্থানেই যত্ন নিন।

৪. চোখের কোলে ময়শ্চারাইজার লাগানো: ময়শ্চারাইজার ত্বক হাইড্রেট করে নরম রাখে ঠিকই, কিন্তু চোখের কোলে সাধারণ ময়শ্চারাইজার লাগালে চোখ ফোলা দেখতে লাগে এবং চেহারায় ক্লান্ত ভাব আসে। চোখের কোল বা আই এরিয়া অনেক বেশি সংবেদনশীল। তাই ময়শ্চারাইজার লাগানোর সময় চোখের কোল ছেড়ে দিন এবং ওই অংশের জন্য শুধু আই ক্রিম বা আই জেল ব্যবহার করুন।

৫. অতিরিক্ত সময় ধরে স্নান: অনেকেরই দীর্ঘ সময় ধরে স্নান করার অভ্যাস থাকে। তাঁরা মনে করেন শরীর ও ত্বক পরিষ্কার রাখতে বেশি ক্ষণ স্নান করা জরুরি। কিন্তু এই ধারণা ভুল। অতিরিক্ত সময় ধরে স্নান করলে (বিশেষ করে গরম জলে) ত্বকের এসেনশিয়াল অয়েল কমে যায়, যা ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট করে ত্বককে শুষ্ক করে তোলে।