পিঁপড়ের উপদ্রব থেকে মুক্তি, রান্নাঘরের সহজ সমাধান!

গরম হোক বা বর্ষা, পিঁপড়ের উপদ্রব যেন এক নিত্য সমস্যা। কাঁচা বাড়ি থেকে শুরু করে আধুনিক ফ্ল্যাট, চিনির কৌটো থেকে বিছানা—সব জায়গায় এদের আনাগোনা। বাজারচলতি নানা ধরনের কীটনাশক ব্যবহার করেও অনেক সময় এই সমস্যার সমাধান হয় না। তবে জানেন কি, আপনার রান্নাঘরেই এমন কিছু সহজলভ্য জিনিস আছে, যা দিয়ে খুব সহজেই পিঁপড়ের উপদ্রব থেকে মুক্তি পাওয়া সম্ভব?

রান্নাঘরের কার্যকরী সমাধান:
তেজপাতা: পিঁপড়ারা তেজপাতার গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। কয়েকটি তেজপাতা গুঁড়ো করে ঘরের কোণে কোণে ছড়িয়ে দিন। এতে পিঁপড়া ঘরে ঢুকবে না।

লবঙ্গ: চিনির কৌটোতে কয়েকটি লবঙ্গ রেখে দিন। এতে চিনির কৌটোতে পিঁপড়া আর হানা দেবে না। বইয়ের সেলফে পিঁপড়ার উপদ্রব দেখা দিলে একটি ছোট কাপড়ের পুঁটলিতে কয়েকটি লবঙ্গ ও দারচিনি রেখে বইয়ের সেলফে রেখে দিন। এতে পিঁপড়ের আনাগোনা কমবে।

পুদিনা পাতা: পুদিনা পাতার কড়া গন্ধ পিঁপড়াদের মোটেও পছন্দ নয়। সামান্য থেঁতো করে এই পাতা রান্নাঘর ও মেঝের কোণের অংশগুলোতে রাখতে পারেন। এছাড়া পুদিনা তেল জলের সঙ্গে মিশিয়ে ঘরে স্প্রে করলেও পিঁপড়ের উপদ্রব কমবে।

নিমপাতা: ঘর মোছার সময় বালতির জলে সামান্য নিমপাতা বাটা মিশিয়ে নিন। এতে শুধু পিঁপড়া নয়, মশা-মাছিও দূর হবে।

কর্পূর: ঘরের কোনো কোণে যদি গর্ত থাকে, সেখানে কর্পূর ফেলে দিন। এতে পিঁপড়ের আনাগোনা কমে যাবে।

সর্ষের তেল: অনেকেই পিঁপড়া তাড়ানোর জন্য কেরোসিন তেল দিয়ে ঘর মোছেন। এর পরিবর্তে ঘর মোছার জলে কয়েক ফোঁটা সর্ষের তেল মিশিয়ে নিন। দেখবেন পিঁপড়া থেকে রেহাই মিলবে।