প্রথম ছবি মুক্তির আগেই চরম ধাক্কা! পিছাল ‘রামায়ণ ২’-এর নামধাম, কবে প্রেক্ষাগৃহে রণবীর-সাই পল্লবী?

বলিপাড়ায় বহুল প্রতীক্ষিত ও চর্চিত মহাকাব্যিক সিনেমা নীতীশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। আগামী ৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে ছবির প্রথম পর্ব। কথা ছিল, প্রথম পর্বের সাফল্যকে সঙ্গী করে ঠিক তার পরের বছরই, অর্থাৎ ২০২৭ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে আসবে ছবির দ্বিতীয় ভাগ ‘রামায়ণ ২’। কিন্তু প্রথম ছবি মুক্তির ঠিক আগেই বদলে গেল সেই মহাপরিকল্পনা! নির্ধারিত সময়ে ২০২৭-এর দীপাবলিতে মুক্তি পাচ্ছে না রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীতি এই মেগা বাজেট ছবির দ্বিতীয় পর্ব।
কেন পিছাল মুক্তির দিনকাল? বলিউডের অন্দরের খবর অনুযায়ী, ছবিটির সহ-প্রযোজক নমিত মালহোত্রা এবং পরিচালক যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে, ‘রামায়ণ ২’-এর মুক্তি ২০২৭ সালের বদলে আরও এক বছর পিছিয়ে ২০২৮ সালে নিয়ে যাওয়া হবে।
প্রযোজক সংস্থার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, মূলত ছবির গুণগত মান এবং নিখুঁত আন্তর্জাতিক মানের ভিএফএক্স (VFX) ও পোস্ট-প্রোডাকশনের কাজ নিশ্চিত করতেই এই সময়টুকু বাড়ানো হচ্ছে। দর্শকরা প্রথম ভাগে রামের সূচনা দেখলেও, মূল আকর্ষণ অর্থাৎ রাম-রাবণের মহাযুদ্ধের অবিস্মরণীয় ভিজ্যুয়াল ট্রিট দেখা যাবে দ্বিতীয় ভাগেই। নির্মাতারা চান প্রেক্ষাগৃহে দর্শকদের সিনেমাটি দেখার অভিজ্ঞতা যেন আন্তর্জাতিক মানের হয়। সেই কারণে কোনো তাড়াহুড়ো না করে শুটিং এবং পোস্ট-প্রোডাকশনকে আরও খানিকটা সময় দিতেই মুক্তি এক বছর পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
প্রথম পর্ব নিয়ে দর্শক উন্মাদনা যখন তুঙ্গে, ঠিক তখনই দ্বিতীয় পর্ব পিছানোর এই খবর নিয়ে টেক-দুনিয়া ও সিনেমা অনুরাগীদের মধ্যে নতুন করে চর্চা শুরু হয়েছে।