পার্লারে চুল ধোয়ার সময়ও হতে পারে স্ট্রোক! জানুন মারাত্মক ঝুঁকি ও সতর্কতা

চুলের সৌন্দর্য বাড়াতে নিয়মিত পার্লারে যাওয়া নারীদের সংখ্যা নেহাত কম নয়। বিভিন্ন ধরনের হেয়ার ট্রিটমেন্টের জন্য পার্লার একটি অপরিহার্য স্থানে পরিণত হয়েছে। তবে, সম্প্রতি চিকিৎসকরা এমন এক ঝুঁকির কথা জানিয়েছেন যা শুনলে আঁতকে উঠতে পারেন। পার্লারে হেয়ার ট্রিটমেন্ট করাতে গিয়েও হতে পারে স্ট্রোক!

বিশেষজ্ঞদের মতে, পার্লারের চুল ধোয়ার বেসিনে দীর্ঘক্ষণ মাথা রেখে স্পা করানোর ফলে শুধু অস্বস্তিই নয়, ঘাড়ের হাইপার এক্সটেনশনের কারণে স্ট্রোক পর্যন্ত হতে পারে। এই অবস্থাকে বলা হয় ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’, যার পরিণতি অত্যন্ত মারাত্মক হতে পারে।

সম্প্রতি ভারতে ৫০ বছর বয়সী এক নারী বিউটি পার্লারে চুল ধোয়ার সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। হায়দ্রাবাদের জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট নিউরোলজিস্ট ডা. সুধীর কুমার এই ঘটনাটি টুইটারে শেয়ার করেছেন।

মাথা ধোয়ার সময় কীভাবে স্ট্রোক হতে পারে?

বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেছেন, চুল ধোয়ার জন্য যখন দীর্ঘক্ষণ মাথা পেছন দিকে হেলিয়ে রাখা হয়, তখন ঘাড়ের হাইপার এক্সটেনশন মস্তিষ্কে অক্সিজেনের স্বাভাবিক সঞ্চালনে বাধা সৃষ্টি করতে পারে।

ডা. কুমার উল্লেখ করেছেন, হাইপার এক্সটেনশনের সময় মেরুদণ্ডের ধমনী (যা ঘাড়ের মেরুদণ্ড থেকে মস্তিষ্ক ও মেরুদণ্ডে রক্ত সরবরাহ করে) সংকুচিত হতে পারে এবং ঘাড় ওয়াশ-বেসিনের দিকে ঘোরানোর ফলে সিন্ড্রোম দেখা দিতে পারে। এর ফলে রক্তনালি ছিঁড়ে যেতে পারে এবং রক্ত জমাট বাঁধতে পারে, যা স্ট্রোকের কারণ হতে পারে।

প্রাথমিক সতর্কতা লক্ষণগুলো কী কী?

ডা. কুমার জানিয়েছেন, মৃত ওই ৫০ বছর বয়সী নারী মাথা ঘোরানো, বমি বমি ভাব এবং বমি হওয়ার মতো লক্ষণ অনুভব করেছিলেন।

ক্যালিফোর্নিয়ার প্রোভিডেন্স সেন্ট জনস হেলথ সেন্টারের স্নায়ু বিশেষজ্ঞ ক্লিফোর্ড সেগিল জানিয়েছেন, বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোমের প্রাথমিক সতর্কতা লক্ষণগুলো সাধারণ স্ট্রোকের থেকে কিছুটা আলাদা হতে পারে।

অন্যান্য প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে – হাতে অস্থিরতা, তীব্র মাথাব্যথা, দৃষ্টিশক্তির আংশিক হ্রাস বা ঝাপসা দেখা, ঘাড় ফুলে যাওয়া এবং স্বাদের পরিবর্তন।

এছাড়াও, অসাড়তা, শরীরের ভারসাম্য হারানো, অস্পষ্ট কথাবার্তা, দুর্বলতা, অজ্ঞান হয়ে যাওয়া এবং আচরণের আকস্মিক পরিবর্তনও এই সিন্ড্রোমের লক্ষণ হতে পারে।

হার্ভার্ড মেডিকেল স্কুলের নিউরোলজির সহযোগী অধ্যাপক এবং ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের নিউরোলজির ভাইস চেয়ার অনীশ সিংগাল জানিয়েছেন, এই ধরনের স্ট্রোক শুধু পার্লারেই নয়, দাঁতের ডাক্তারের কাছে চিকিৎসা করানোর সময়, টেনিস খেলার সময় এমনকি যোগব্যায়ামের কারণেও হতে পারে।

চিকিৎসকদের মতে, যাদের সংযোজক টিস্যুর রোগ বা অন্য কোনো অন্তর্নিহিত দুর্বলতা রয়েছে, তাদের মধ্যে এই সিন্ড্রোম বেশি দেখা যায়।

তাহলে কি পার্লারে মাথা ধোয়া বন্ধ করা উচিত?

ডা. কুমার তার টুইটের উপসংহারে বলেছেন, ‘ভার্টিব্রো-বেসিলার ধমনী অঞ্চলকে প্রভাবিত করে স্ট্রোক একটি বিউটি পার্লারে শ্যাম্পু করার সময় ঘটতে পারে।’

সিংগাল পরামর্শ দিয়েছেন, নিয়মিত সেলুনে হেয়ার স্পা না করার মাধ্যমে এই রোগের ঝুঁকি কমানো যেতে পারে। এছাড়াও, এমন কার্যকলাপ এড়িয়ে চলা উচিত যেখানে দীর্ঘ সময় ধরে (১০-১৫ মিনিট) ঘাড় পেছন দিকে হেলিয়ে রাখতে হয়। এই চিকিৎসক সকলকে সতর্ক করে বলেছেন, চুল ধোয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে ঘাড় সোজা থাকে। পার্লারের কর্মীদেরও এই বিষয়ে সচেতন থাকা উচিত এবং গ্রাহকদের আরামের জন্য বিকল্প ব্যবস্থা রাখা উচিত।