পরকীয়ায় মজেছেন সঙ্গী? যে ৫টি লক্ষণ দেখে আজই সাবধান হবেন

সংসারের অশান্তির অন্যতম কারণ হলো পরকীয়া। ইদানীং বিশ্বজুড়ে এই অশান্তির কারণে বিভিন্ন ধরণের অপরাধ বেড়ে চলছে, এমনকি ঘটছে হত্যার মতো জঘন্য অপরাধও। তবে ধৈর্য ধারণ এবং ছাড় দেওয়ার মানসিকতা থাকলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব। এক্ষেত্রে সঙ্গীর নিজের কোন দোষের কারণে তিনি পরকীয়ায় জড়াচ্ছেন, তা খুঁজে বের করাও জরুরি।

যে ৫টি লক্ষণ দেখে বুঝবেন আপনার সঙ্গী পরকীয়ায় মজেছেন
১. দৈনন্দিন রুটিন সম্পর্কে অতিরিক্ত কৌতূহল: আপনার সঙ্গী কি হঠাৎ করে আপনার দৈনন্দিন রুটিন সম্পর্কে অতিরিক্ত কৌতূহল দেখাচ্ছেন? আপনি কখন বাড়ি ফিরবেন, কখন কোথায় বেরোবেন ইত্যাদি ঘন ঘন জানতে চাইছেন? তিনি আপনার নজর এড়িয়ে কোনো কিছু করতে চাইছেন? এমন আচরণ নতুন সম্পর্কের ইঙ্গিত হতে পারে।

২. সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতনতা: সঙ্গী হঠাৎ করে যদি নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন, তাহলে বিষয়টি একটু চোখে চোখে রাখুন। সঙ্গী আচমকাই নিজের শরীরের গঠন, সাজ-পোশাক, সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে একটু বেশিই নজর দিতে থাকলে বুঝতে হবে তিনি হয়তো কাউকে ‘ইমপ্রেস’ করতে চাইছেন। এমনটা হলে ঘটনার পেছনে অন্যকিছু থাকতে পারে।

৩. যৌন সম্পর্কে উদাসীনতা: যদি দেখেন সঙ্গী আপনার সঙ্গে যৌন সম্পর্কের ক্ষেত্রে ক্রমশ উদাসীন বা উৎসাহ হারিয়ে ফেলছে, তাহলে বুঝতে হবে সম্পর্কে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে। হতে পারে তিনি পারিবারিক বা আর্থিক কোনো সমস্যার কারণে মানসিক চাপে রয়েছেন, অথবা শারীরিক অসুস্থতাও থাকতে পারে। তবে নিয়মিত এমন করলে তা পরকীয়ার কারণেও হতে পারে।

৪. নতুন নামের বারবার উল্লেখ: নতুন করে যদি কোনো নতুন নাম আপনার সঙ্গীর মুখে বারবার শোনেন, তাহলে একটু সতর্ক হওয়া জরুরি। খেয়াল করে দেখবেন, নতুন এই মানুষটির সম্পর্কে আপনার সঙ্গীকে আপনি কোনো প্রশ্ন করলে তিনি কি এড়িয়ে যাচ্ছেন? যদি তাই হয় তবে ব্যাপারটা সন্দেহজনক!

৫. ফোন বা ইন্টারনেটে অতিরিক্ত ব্যস্ততা: সঙ্গী যদি হঠাৎ করেই ফোন বা ইন্টারনেটে ব্যস্ত হয়ে পড়েন, যদি পরিবার বা বন্ধু-বান্ধবদের সঙ্গে থেকেও মাঝে মধ্যেই একটু একলা হতে চান, তাহলে বুঝতে হবে, তিনি আপনার নজর এড়িয়ে বা পরিচিত সকলের নজর এড়িয়ে কোনো কিছু করতে চাইছেন। সঙ্গীর মধ্যে এমন সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে তা পরকীয়া সম্পর্কের কারণেও হতে পারে।

মনে রাখবেন:
এই প্রতিবেদনে উল্লেখিত লক্ষণগুলো পরিস্থিতি অনুযায়ী আলোচিত আশঙ্কা বা সম্ভাবনা মাত্র। উল্লেখিত লক্ষণগুলো অন্যান্য শারীরিক বা মানসিক চাপ বা পরিস্থিতি বা কোনো সাময়িক আকর্ষণজনিত কারণেও হতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম দূরত্ব বা সমস্যা বোধ করলে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনার চেষ্টা করুন। বেশিরভাগ ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সম্পর্কের জটিলতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরা সম্ভব।