পকেটে থাকা স্মার্টফোনই কি কেড়ে নিচ্ছে মানসিক শান্তি? নোটিফিকেশনের আড়ালে লুকিয়ে বড় বিপদ!

স্মার্টফোন আধুনিক জীবনে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হলেও, দিনভর ফোনের নোটিফিকেশন, মেসেজ এবং অ্যাপ অ্যালার্ট আমাদের অজান্তেই মস্তিষ্কের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। গবেষকদের মতে, ঘন ঘন নোটিফিকেশনের এই বাধা মস্তিষ্কের মনোযোগের নেটওয়ার্ককে বারবার বিঘ্নিত করে। ফলে পর্যাপ্ত বিশ্রামের পরেও অনেকেই তীব্র মানসিক ক্লান্তি বা ‘ডিজিটাল ফ্যাটিগ’-এ ভুগছেন।

‘সাইকোনিউরোএন্ডোক্রিনোলজি’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, বারবার নোটিফিকেশনের কারণে সৃষ্ট এই মানসিক চাপ শরীর ও মস্তিষ্কের দীর্ঘস্থায়ী ক্ষতি করতে পারে। এর প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে—পর্যাপ্ত ঘুমের পরেও মনোযোগের অভাব, খিটখিটে মেজাজ, অনিদ্রা, মাথাব্যথা এবং কোনো নোটিফিকেশন না এলেও বারবার ফোন চেক করার তীব্র ইচ্ছা। মূলত, স্নায়ুতন্ত্র দীর্ঘ সময় ধরে ক্রমাগত উদ্দীপনা সামলাতে ব্যস্ত থাকায় মস্তিষ্ক পুরোপুরি শিথিল হওয়ার সুযোগ পায় না।

এই মানসিক ক্লান্তি থেকে মুক্তি পেতে প্রযুক্তি বর্জন নয়, বরং এর ব্যবহারে ভারসাম্য আনা জরুরি। কাজের বা পড়াশোনার সময় অপ্রয়োজনীয় নোটিফিকেশন সাইলেন্ট করে রাখুন। প্রতিদিন কিছু সময়ের জন্য ডিজিটাল মাধ্যম থেকে সম্পূর্ণ দূরে বা ‘ডিজিটাল ডিটক্স’Mode-এ থাকুন। ভালো ঘুমের জন্য ঘুমানোর আগে ফোন বিছানা থেকে দূরে রাখুন এবং নিয়মিত স্ক্রিন থেকে বিরতি নিয়ে গভীর শ্বাস-প্রশ্বাসের মতো রিলাক্সেশন কৌশল অনুশীলন করুন।