‘তোমাকে পেয়ে আমি গর্বিত’ থেকে ‘সরি’, যে ৬টি কথা সঙ্গী আপনার মুখ থেকে একান্তে শুনতে চান

প্রিয়জনের কাছ থেকে প্রশংসাসূচক বাক্য শুনতে সবাই পছন্দ করেন। অনেক সময় অনেকে সঙ্গী কী ভাববেন—এই ভেবে ছোট ছোট প্রশংসাসূচক বাক্য বলা এড়িয়ে যান। তবে জানেন কি, সঙ্গীর প্রতি আপনার এই ছোট ছোট কথাগুলি আপনাদের সম্পর্কের বন্ধনকে আরও নতুন মাত্রা দিতে পারে? আপনার সঙ্গী সবসময় আপনার মুখ থেকে কিছু বিশেষ শব্দ বা বাক্য শোনার অপেক্ষায় থাকেন। জেনে নিন তেমনই ৬টি বাক্য, যা শুনলে আপনার সঙ্গী ভীষণ খুশি হন:
১. “আজকের দিন কেমন কাটল?” দিনের শেষে এই প্রশ্নটি সঙ্গীকে অবশ্যই জিজ্ঞাসা করুন। এই প্রশ্নের মধ্যে ভালোবাসা ও যত্ন জড়িয়ে আছে। এমন প্রশ্ন করার অর্থ হলো, আপনি তার প্রতি যত্নবান এবং তার জীবনের খোঁজখবর রাখতে আগ্রহী।
২. “আমি সবসময় তোমার সঙ্গে আছি।” এই বাক্যটির মাধ্যমে আপনি যেকোনো সময় সঙ্গীর সাহস ও উৎসাহ বাড়িয়ে দিতে পারেন। আপনি হয়তো ভাববেন—পাশে আছি আর থাকবই, এটি বলার কী আছে? কিন্তু যখন সঙ্গী হতাশ বা মানসিক চাপে ভোগেন, তার হাত ধরে এই ছোট্ট বাক্যটি বললে সম্পর্কে আস্থা ও বিশ্বাস বহুগুণ বেড়ে যায়।
৩. “তোমাকে পেয়ে আমি গর্বিত।” জানেন কি, আপনাকে হাসিমুখে রাখতে সঙ্গী অনেক কিছু সহ্য করেন? সঙ্গী যখনই আপনার জন্য কিছু ভালো করবেন বা কোনো কাজে সফল হবেন, তাঁর কাঁধে হাত রেখে অবশ্যই জানাবেন, “তোমাকে পেয়ে আমি গর্বিত।” এই কথাটি তার মন ভালো করে দেবে এবং তাঁকে মূল্য দেওয়ার অনুভূতি দেবে।
৪. “নিজের যত্ন নিও।” সঙ্গীকে খুশি করার জন্য হলেও বলুন, “নিজের যত্ন নিও।” আপনি যখন এই কথাটি বলবেন, সঙ্গী উপলব্ধি করবেন যে তার প্রতি আপনার গভীর প্রেম ও যত্নশীলতা রয়েছে। এটা শুধু সঙ্গীকে খুশিই করবে না, তাঁকে স্বাস্থ্য সম্পর্কে সচেতনও করে তুলবে।
৫. “তোমাকে খুব সুন্দর লাগছে।” ধরুন, আপনার সঙ্গী সেজেছেন। দেরি না করে বলুন, “তোমাকে সুন্দর লাগছে।” সঙ্গীকে সব সময়ই তাঁর চেহারার, কাজের বা পোশাকের প্রশংসা করতে পারেন। আপনার সঙ্গী সব সময়ই এই ধরনের প্রশংসা শোনার অপেক্ষায় থাকতে পারেন।
৬. “আমি দুঃখিত (সরি)।” দাম্পত্য কলহে অনেক সময় একে অন্যকে দোষী করতে গিয়ে নিজেদের মধ্যে দূরত্ব বাড়ান অনেকে। তবে দোষ যারই হোক, আপনিই না হয় আগে “সরি” বলুন। এতে আপনার সঙ্গী শিখতে পারবেন সম্পর্কের গুরুত্ববোধ এবং সহজে ক্ষমা চাওয়ার উদাহরণ তৈরি হবে।