গরমে ঠান্ডা জল পান করছেন? অজান্তেই ডেকে আনছেন মারাত্মক বিপদ!

গরমের তীব্রতায় বাইরে থেকে ফিরেই ফ্রিজের ঠান্ডা জলের দিকে হাত বাড়ানো খুবই স্বাভাবিক। ঠান্ডা জল পানের তৃষ্ণা যেন এই সময়টাতে আরও বেশি তীব্র হয়ে ওঠে। তবে, এই ঠান্ডা জল পান করা কি আসলেই শরীরের জন্য উপকারী? বিশেষজ্ঞরা বলছেন, গরমে ঠান্ডা জল পানের মাধ্যমে আমরা নিজেরাই শরীরের কিছু দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনছি। সাময়িক আরাম পেলেও এর ফল হতে পারে মারাত্মক।
পরিপাকতন্ত্রে মারাত্মক প্রভাব:
বিভিন্ন গবেষণায় উঠে এসেছে ঠান্ডা জল পানের একাধিক অসুবিধা। এই জল পান করলে তা সরাসরি আপনার পরিপাকতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভাবুন তো, যখন হালকা গরম জল দিয়ে মুখ ধোয়া হয়, তখন ত্বকের ছিদ্র খুলে গিয়ে ত্বক আলগা হয়। আর ঠান্ডা জলে মুখ ধুলে ত্বক টানটান হয়ে যায়। একই প্রভাব পড়ে আমাদের পরিপাকতন্ত্রের উপরও। ঠান্ডা জল পান করলে তা খাদ্যনালী সংকুচিত করে ফেলে, যা হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়। ফলে খাবার সঠিকভাবে হজম হতে পারে না এবং পেটে গ্যাস, বদহজম এমনকি পেট ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে।
হৃদস্পন্দন কমিয়ে দেয়:
বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, ঠান্ডা জল পান করলে তা হৃদস্পন্দন কমিয়ে দিতে পারে। তাইওয়ানের একটি গবেষণায় দেখা গেছে, ঠান্ডা জল পান করা হার্টের জন্য ক্ষতিকর। ঠান্ডা জল ভেগাস স্নায়ুকে উদ্দীপিত করে, যা হৃদস্পন্দন কমিয়ে দিতে পারে। যাদের আগে থেকেই হৃদরোগের সমস্যা রয়েছে, তাদের জন্য ঠান্ডা জল পান করা আরও বেশি ঝুঁকিপূর্ণ।
কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি বাড়ে:
সুস্থ শরীরের জন্য ভালো হজম এবং নিয়মিত পেট পরিষ্কার থাকা অপরিহার্য। কোষ্ঠকাঠিন্য হলে শরীরে নানা রোগ বাসা বাঁধতে শুরু করে। আর ঠান্ডা জল পান করার অভ্যাস কোষ্ঠকাঠিন্যের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। কারণ অতিরিক্ত ঠান্ডা জল পান করলে শরীরের পক্ষে যেকোনো খাবার হজম করা কঠিন হয়ে পড়ে। ফলে অন্ত্রের কার্যকারিতা কমে যায় এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি বাড়ে।
মাথাব্যথা বাড়ায়:
ঠান্ডা জল পানের অভ্যাস আপনার মাথাব্যথাকেও আরও বাড়িয়ে দিতে পারে। লক্ষ্য করে দেখবেন, যখন বরফ মুখে দেওয়া হয়, তখন খাওয়ার সময় কপালে চিনচিনে ব্যথা অনুভূত হয়। একইভাবে ঠান্ডা জল পান করলে তাও আপনার মাথাব্যথার উপর প্রভাব ফেলতে পারে। ঠান্ডা জল আমাদের সংবেদনশীল স্নায়ুগুলোকে ঠান্ডা করে এবং দ্রুত মস্তিষ্কে বার্তা পাঠায়। এই কারণে মাথাব্যথা শুরু হতে পারে। বিশেষত যারা সাইনাসের সমস্যায় ভোগেন, তাদের জন্য ঠান্ডা জল আরও বেশি ক্ষতিকর।
গরমের তীব্রতায় ঠান্ডা জলের লোভ সামলানো কঠিন হলেও, শরীরের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের কথা ভেবে ঠান্ডা জল পানের অভ্যাস ত্যাগ করা উচিত। এর পরিবর্তে সাধারণ তাপমাত্রার জল অথবা হালকা গরম জল পান করা শরীরের জন্য অনেক বেশি উপকারী।