ওজন কমাতে ও খারাপ কোলেস্টেরল ঝরাতে, প্রতিদিন একটা কাঁচা কলা খেলে শরীরে কী ঘটে?

একাধিক গবেষণায় দেখা গেছে, শুধু পেট খারাপের মতো রোগের প্রকোপ কমাতেই নয়, আরও বেশ কিছু জটিল রোগের চিকিৎসাতে কাঁচা কলার (Raw Banana) কোনো বিকল্প হয় না বললেই চলে। কারণ এই সহজলভ্য ফলটিতে রয়েছে কার্বোহাইড্রেট, ফাইবার, পটাশিয়াম, ভিটামিন বি৬, ভিটামিন সি এবং আরও নানা উপকারি উপাদান, যা শরীরের নানা উপকার সাধন করে।

আসুন জেনে নেওয়া যাক কাঁচা কলার ৬টি কার্যকরি স্বাস্থ্য উপকারিতা:

 

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

 

নিয়মিত একটা করে কাঁচা কলা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) বৃদ্ধি পায়। এটি শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। পাশাপাশি এটি স্ট্রেস এবং মানসিক অবসাদ দূর করতেও সহায়ক।

 

২. ওজন নিয়ন্ত্রণে সাহায্য

 

ওজন নিয়ন্ত্রণে কাঁচা কলা খুবই উপকারি। এটি খেলে হজম শক্তি নিয়ন্ত্রণে থাকে এবং পেট ভরা থাকার অনুভূতি দেয়। যার ফলে শরীরে কম মাত্রায় ক্যালরি প্রবেশ করে, যা কার্যকরভাবে ওজন নিয়ন্ত্রণে কাজ করে।

 

৩. হজম ও পেটের রোগের প্রকোপ কমায়

 

কাঁচা কলায় রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, যা হজম ক্ষমতার উন্নতি ঘটায়। ফাইবার ডাইজেস্টিভ ট্র্যাকের কর্মক্ষমতা বৃদ্ধি করে। তাই শুধু পেট খারাপ (ডায়ারিয়া) নয়, যারা প্রায়শই গ্যাসের সমস্যায় ভুগেন, তাদের জন্যও কাঁচা কলা খুবই উপকারি।

 

৪. খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়

 

কাঁচা কলার ডায়াটারি ফাইবার রক্তে উপস্থিত ক্ষতিকর কোলেস্টেরলের (LDL) মাত্রা কমাতে সাহায্য করে। সেই সঙ্গে এটি আর্টারির কার্যক্ষমতা বৃদ্ধি করে। ফলে হঠাৎ করে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা কমে যায়।

 

৫. ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখে

 

গবেষণায় দেখা গেছে, কাঁচা কলায় থাকা পটাশিয়াম শরীরে প্রবেশ করার পর ব্লাড ভেসেলের (Blood Vessel) কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে। সেই সঙ্গে শিরা-উপশিরার ভেতরে তৈরি হওয়া অতিরিক্ত প্রেসারকেও কমিয়ে ফেলে। ফলে রক্তচাপ (Blood Pressure) নিয়ন্ত্রণে চলে আসে।

 

৬. ডায়াবেটিস দূরে রাখে

 

কাঁচা কলা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায় না। বরং সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই ডায়াবেটিক রোগীরা নিশ্চিন্তে কাঁচা কলা খেতে পারেন। তবে কোনো নতুন খাদ্য ডায়েটে অন্তর্ভুক্ত করার আগে চিকিৎসকের সঙ্গে একবার পরামর্শ করে নেওয়া ভালো।