উকুনের যন্ত্রণায় অতিষ্ঠ? রাতারাতি মুক্তি পেতে এই ৫ ঘরোয়া উপায় ব্যবহার করুন!

উকুন একটি ক্ষুদ্র পরজীবী, যার যন্ত্রণায় অনেকেই ভোগেন। বিশেষ করে লম্বা চুলে উকুন সহজে বাসা বাঁধে। মাথার চুলে যে উকুন হয়, তাকে পেডিকিউলাস ক্যাপিটিস বলা হয়। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা, একই বিছানা বা পোশাক ব্যবহার করা, একই চিরুনি ব্যবহার করা এবং মাথার অপরিষ্কার পরিছন্নতার অভাবে সাধারণত উকুন হয়ে থাকে।
মানবদেহে সাধারণত তিন ধরনের উকুন দেখা যায়। মাথার উকুন পেডিকিউলাস ক্যাপিটিস, দেহের উকুন পেডিকিউলাস করপোরিস এবং লোম, বগল, গোঁফ-দাড়ি ও চোখের পাতায় হওয়া উকুন পেডিকিউলাস পিউবিস নামে পরিচিত।
মাথার উকুন তামাটে রঙের হয়ে থাকে এবং এরা একসঙ্গে শতাধিক ডিম পাড়ে, যেগুলিকে সাধারণত নিকি বলা হয়। এই নিকি থেকে ৭-১০ দিনের মধ্যে বাচ্চা হয় এবং মাথার উকুনের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়।
দ্রুত উকুন থেকে মুক্তি পেতে অনেকেই বিভিন্ন বাজারচলতি প্রসাধনী ব্যবহার করেন। তবে চাইলে কিছু সহজ ঘরোয়া উপায় অবলম্বন করেও মাথার উকুন রাতারাতি দূর করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক সেই ৫টি উপায়:
১. চিকন দাঁতের চিরুনি ও তেল: চিকন দাঁতের চিরুনি দিয়ে মাথার ত্বক থেকে চুলের ডগা পর্যন্ত আঁচড়ানো উকুন বের করার সবচেয়ে পুরনো ও কার্যকর পদ্ধতি। এই সময় চুলে অলিভ অয়েল বা নারকেল তেল লাগিয়ে নিলে উকুন দূর করা আরও সহজ হয়। প্রতি সপ্তাহে ৩-৪ বার নিয়মিত এভাবে চুল আঁচড়ালে উকুনের উপদ্রব অনেকটাই কমে যাবে।
২. টি ট্রি অয়েল (চা গাছের তেল): টি ট্রি অয়েলের তীব্র গন্ধ উকুন সহ্য করতে পারে না। এই তেল চুলের গোড়ায় ব্যবহার করে সারারাত রেখে দিলে বেশিরভাগ উকুন মরে যায়। রাতারাতি উকুন দূর করার জন্য এটি বেশ কার্যকর একটি উপায়। তবে ব্যবহারের আগে সামান্য নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন।
৩. পেট্রোলিয়াম জেলি, জলপাই তেল, মাখন বা মেয়োনিজ: পেট্রোলিয়াম জেলি (ভ্যাসলিন) থেকে শুরু করে জলপাই তেল, মাখন বা মেয়োনিজ মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে নিন। এরপর সারারাত শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন। সকালে উঠে চুল ধুয়ে নিলেই দেখবেন বেশিরভাগ উকুন মরে গেছে।
৪. হেয়ার ড্রায়ার: হেয়ার ড্রায়ারের গরম বাতাস মাথার ত্বকের আর্দ্রতা কমিয়ে দেয়। এর ফলে উকুন ও ডিম দুটোই মারা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, ড্রায়ারের তাপ যেন খুব বেশি না হয়।
৫. উকুন তাড়ানোর শ্যাম্পু ও পরিষ্কার পরিচ্ছন্নতা: বাজারে উকুন তাড়ানোর বিভিন্ন শ্যাম্পু পাওয়া যায়, সেগুলিও নিয়মিত ব্যবহার করতে পারেন। পাশাপাশি আপনার চুলের চিরুনি, ব্রাশ এবং অন্যান্য ব্যবহৃত জিনিসপত্র কমপক্ষে ১০ মিনিটের জন্য গরম সাবান জলে ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করুন।
এই সহজ ঘরোয়া উপায়গুলি অবলম্বন করে আপনি দ্রুত মাথার উকুন থেকে মুক্তি পেতে পারেন। তবে উকুনের উপদ্রব বেশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।