হলিউডে নেমে এল শোকের ছায়া! জনপ্রিয় টিভি সিরিজ অভিনেতার মর্মান্তিক মৃত্যুর খবরে চাঞ্চল্য!

হলিউড থেকে এল এক মর্মান্তিক ও হৃদয়বিদারক খবর। প্রয়াত হলেন জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়রের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জনকারী জনপ্রিয় অভিনেতা আরজে মিট্টে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর। সোমবার টেক্সাসের ব্রাউনসভিলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে ভক্ত এবং বিনোদন জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ক্যামেরন কাউন্টির জাস্টিস অফ দ্য পিস সিন্ডি হিনোজোসা জানান, সোমবার স্থানীয় সময় দুপুর ১:৩০ মিনিটের দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর সঠিক কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। আমেরিকান ওয়েবসাইট টিএমজেড-এর সূত্র অনুযায়ী, কাউন্টি কর্মকর্তার বরাত দিয়ে এটিকে আত্মহত্যা বলে সন্দেহ করা হচ্ছে।

১৯৯২ সালের ২১ আগস্ট জন্মগ্রহণকারী রয় ফ্র্যাঙ্ক মিট্টে তৃতীয় বা আরজে মিট্টে তিন বছর বয়সে সেরিব্রাল পালসিতে আক্রান্ত হন। শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে ২০০৬ সালে তিনি হলিউডে পা রাখেন। ২০০৭ সালে ‘হানা মন্টানা’ শোয়ে ছোট চরিত্রে অভিনয়ের পর, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রচারিত কালজয়ী ক্রাইম ড্রামা সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর পাঁচটি সিজনে ওয়াল্টার “ফ্লিন” হোয়াইট জুনিয়রের চরিত্রে অভিনয় করে রাতারাতি বিশ্বজোড়া পরিচিতি পান। ব্রയാন ক্র্যানস্টন অভিনীত এই সিরিজে ৫৬টি পর্বে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়। বাস্তব জীবনের সেরিব্রাল পালসি অবস্থাকে সঙ্গী করেই তিনি পর্দায় এই চরিত্র ফুটিয়ে তুলেছিলেন।

‘ব্রেকিং ব্যাড’ ছাড়াও তিনি ‘সুইচড অ্যাট বার্থ’ (২০১৪), নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিরিজ ‘দ্য গার্ডিয়ানস অফ জাস্টিস’ (২০২২), এবং চলচ্চিত্র ‘দ্য ওক রুম’ (২০২০), ‘ট্রায়াম্ফ’ (২০২১) ও ‘টকিং টু স্ট্রেঞ্জার্স’ (২০২৬)-এ অসাধারণ অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি সমাজসেবামূলক কাজেও ছিলেন অগ্রণী। ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেন’স-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং মিট্টে ফাউন্ডেশনের সভাপতি হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় তিনি আজীবন সোচ্চার ছিলেন। হলিউডে প্রতিবন্ধী শিল্পীদের সমান সুযোগ নিশ্চিত করার তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।