সেই ‘বালিকা বধূ’র রহস্যমৃত্যুর ১০ বছর! আজও কি অধরা বিচার? প্রত্যুষা মৃত্যুবার্ষিকীতে ফের উত্তাল টলিপাড়া

ছোট পর্দার সেই মায়াবী চোখ আর স্নিগ্ধ হাসির ‘বালিকা বধূ’কে ভোলেনি দর্শক। পর্দার ‘আনন্দী’ ওরফে প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় যখন জনপ্রিয়তার শিখরে, ঠিক তখনই ২০১৬ সালের ১ এপ্রিল সব ওলটপালট হয়ে যায়। গোরেগাঁওয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২৪ বছর বয়সী এই অভিনেত্রীর ঝুলন্ত দেহ। আজ এক দশক পেরিয়েও প্রত্যুষার সেই মৃত্যু বিনোদন জগতের অন্যতম বড় রহস্য হয়ে রয়ে গিয়েছে।
সেদিন গোটা দেশ যখন ‘এপ্রিল ফুল’ নিয়ে ব্যস্ত, তখনই খবর আসে প্রত্যুষা আর নেই। তাঁর লিভ-ইন পার্টনার রাহুল রাজ সিং তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলা হলেও, মুহূর্তেই শুরু হয় অভিযোগের পালা। প্রত্যুষার বাবা-মায়ের দাবি ছিল, এটি নিছক আত্মহত্যা নয়, বরং সুপরিকল্পিত খুন।
তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ ওঠে, রাহুল তাঁকে শারীরিক, মানসিক এবং আর্থিক— সব দিক থেকেই শোষণ করেছিলেন, যার ফলে চরম অবসাদে ভুগছিলেন অভিনেত্রী। রাহুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার (৩০৬ ধারা) মামলা দায়ের করা হয়। যদিও রাহুল বরাবরই নিজেকে নির্দোষ দাবি করেছেন। ১০ বছর কেটে গেলেও মামলাটি এখনও বিচারাধীন। সহকর্মী থেকে অনুরাগী— সবার মনে একটাই প্রশ্ন, আর কতদিন বিচারহীন থাকবে আনন্দীর অকালপ্রয়াণ?