‘সব মিথ্যা কথা বলছেন!’ দীপেন্দু বিদায় নিতেই উত্তাল বিগ বস বাংলা, কোন দ্বন্দ্বে ভাঙল সম্পর্ক?

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)-র ঘর থেকে বেরিয়ে গেলেন বিশিষ্ট ফুটবলার দীপেন্দু বিশ্বাস। উইকেন্ডের জন্য অপেক্ষা না করে সপ্তাহের মাঝেই অপ্রত্যাশিত এই এলিমিনেশনের ফলে দর্শকদের পাশাপাশি চমকে গিয়েছেন প্রতিযোগীরাও। চলতি সপ্তাহের শুরুতে ‘দাদার দরবার’-এ সৌরভ গঙ্গোপাধ্যায় ঝিলাম গুপ্তা এবং দীপেন্দুকে সতর্ক করেছিলেন যে, নিজেদের সেরাটা দিতে না পারলে তাঁদের শো ছাড়তে হতে পারে। শেষ পর্যন্ত বাড়ির সদস্যদের ভোটের ভিত্তিতেই দীপেন্দুকে বিদায় নিতে হয়।
এদিকে দীপেন্দুর আকস্মিক প্রস্থানে বিগ বসের ঘরের অন্দরের সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে। এর আগে ঘরে দুর্নিবার সাহা, ঝিলাম এবং দীপেন্দুর মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল। তুলনামূলকভাবে শান্ত স্বভাবের দীপেন্দু কম কথা বললেও দুর্নিবার ও ঝিলামের সঙ্গে তাঁর বেশ ভালো বন্ডিং ছিল। তাঁরা একসঙ্গে গান তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সময় কাটাতেন। কিন্তু দীপেন্দু বিদায় নেওয়ার পরেই দুর্নিবার ও ঝিলামের সম্পর্কে ফাটল ধরে।
দীপেন্দুর বিদায়ের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি দুর্নিবার। সৃজলা গুহ এবং অনুষ্কাকে সঙ্গে নিয়ে দুর্নিবার চেয়েছিলেন দীপেন্দু এই ঘরে থাকুন। কিন্তু অধিকাংশ সদস্যের ভোটে ঝিলাম সুরক্ষিত থাকেন এবং দীপেন্দু ছিটকে যান। দীপেন্দু চলে যাওয়ার পর আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন দুর্নিবার। এরপর তিনি ঝিলামকে শুভেচ্ছা জানাতে গেলে পরিস্থিতি আরও জটিল হয়। ঝিলামের অভিযোগ, দুর্নিবার তাঁকে অপরাধবোধে ভোগানোর জন্যই এমন নাটকীয় আচরণ করছেন। এই ঘটনার জেরে ঝিলাম নিজেই দুর্নিবারকে পরবর্তী নমিনেশনে ফেলে দেন। দুর্নিবারের এই আচরণকে কেন্দ্র করে ঘরের অন্যান্য প্রতিযোগীরাও তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং তাঁর বিরুদ্ধে লাগাতার মিথ্যে কথা বলার অভিযোগ তোলেন। সবমিলিয়ে, দীপেন্দুর বিদায়ে বিগ বস হাউজের অন্দরে বন্ধুত্বের সম্পর্কগুলো এখন পুরোপুরি পাল্টে গেছে।