মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে মুখোমুখি অর্জুন ও মালাইকা! নেপথ্যে নতুন প্রেমিক?

বলিউড নগরীতে উৎসবের আমেজ আর গসিপ যেন একই সুতোয় গাঁথা! ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার গ্র্যান্ড দিওয়ালি পার্টি ঘিরে এখন বি-টাউনে তুমুল আলোড়ন। কিন্তু শুধুই দীপাবলির আলো নয়, গ্ল্যামার দুনিয়ার এই জমকালো পার্টির পুরো স্পটলাইট কেড়ে নিলেন অভিনেত্রী মালাইকা অরোরা। পার্টিতে মালাইকার নজরকাড়া উপস্থিতি এবং রূপের দ্যুতি সবাইকে মুগ্ধ করলেও, মূল চর্চা শুরু হয় তাঁর সঙ্গী নিয়ে। এই হাই-প্রোফাইল রাতে মালাইকার সঙ্গে দেখা মেলে তাঁর চর্চিত প্রেমিক তথা ব্যবসায়ী হর্ষ মেহতার। তবে আসল ড্রামা তৈরি হয় যখন একই পার্টিতে পা রাখেন মালাইকার প্রাক্তন প্রেমিক অভিনেতা অর্জুন কাপুর! দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার পর এই প্রথম একই ছাদের নিচে দেখা গেল প্রাক্তন এই জুটিকে। তারা কি পরস্পরের মুখোমুখি হয়েছিলেন, নাকি এড়িয়ে গেছেন একে অপরকে? তা নিয়ে এখন বলিপাড়ায় জোর জল্পনা।অন্যদিকে, সংবাদের শিরোনামে রয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও। তাঁর আগামী ছবি ‘ইথা’-র ট্রেলারে তাঁর মারাঠি উচ্চারণ নিয়ে নেটপাড়ায় সামান্য সমালোচনা শুরু হতেই মুখ খুলেছেন তিনি। কিন্তু সমালোচনাকে বিন্দুমাত্র গায়ে মাখতে নারাজ শ্রদ্ধা! সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন, তিনি কোনো সমালোচনাই পাত্তা দেন না। শ্রদ্ধার মতে, “আমি তো আমার হোয়াটসঅ্যাপই ঠিকমতো সামলাতে পারি না!” ফোন ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার কথা জানিয়ে তিনি বলেন, কোনো এজেন্সি বা ম্যানেজার না থাকায় বহু সময় পরিচালক ও বন্ধুদের বকাও খেতে হয় তাঁকে। তবে সমস্ত বিতর্ক দূরে সরিয়ে নিজের কাজেই মনোযোগ দিতে চান এই বলিসুন্দরী।