‘আশিকি’ সিনেমার সেই চকচকে চকোলেট বয় আজ জীবনের কঠিনতম লড়াই লড়ছেন। গত মঙ্গলবার থেকে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা রাহুল রায়ের একটি ড্যান্স রিল ভাইরাল হতেই শুরু হয় তীব্র কটাক্ষ। ডক্টর ভনিতা ঘাদগে দেশাই নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে ১৯৯৩ সালের জনপ্রিয় গান ‘তেরে দর পে সনম’-এ নাচতে দেখা যায় তাঁকে। কিন্তু নেটিজেনদের একাংশ দাবি করেন, রাহুলকে দেখে মনে হচ্ছে তাঁকে ‘জোর করে’ নাচানো হচ্ছে, তাঁর মুখে কোনও অভিব্যক্তি নেই। শুরু হয় উপহাস— “একজন বলিউড অভিনেতার কী এমন বাধ্যবাধকতা যে এই কাজ করতে হচ্ছে?”
অবশেষে নীরবতা ভেঙে সেই উপহাসের পাল্টা কড়া জবাব দিলেন রাহুল রায়। অভিনেতা আবেগঘন পোস্টে জানান, তাঁর ব্রেন স্ট্রোক হওয়ার আগের কিছু আইনি মামলা এবং দেনা মেটানোর জন্য আজ তাঁকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে। তিনি লিখেছেন, “আমি সততার সঙ্গে কাজ করছি। আমার সরলতাকে নিয়ে যারা ঠাট্টা করছ, তারা আসলে নিজেদের মানসিকতাকেই ছোট করছ। ব্রেন স্ট্রোকের পর সজাগ থাকতে আমার কাজের প্রয়োজন। যদি সত্যিই এত চিন্তা থাকে, তবে আমাকে ভালো কাজ খুঁজে দিন।”
রাহুলের এই লড়াইয়ের পাশে দাঁড়িয়েছেন বলিউডের তাবড় তারকারা। সনু সুদ থেকে শুরু করে ফারহা খান, মণীশ পল এবং অনুপম খের— সকলেই অভিনেতার এই লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন। টিনা দত্ত, মাহি ভিজরা তাঁকে ‘রকস্টার’ বলে সম্মোধন করেছেন। ১৯৯০ সালে ‘আশিকি’ দিয়ে কেরিয়ার শুরু করা এই অভিনেতা প্রমাণ করে দিলেন, পরিস্থিতি যতই প্রতিকূল হোক, কাজ করে সম্মান নিয়ে বেঁচে থাকাই আসল উদ্দেশ্য।





