বিগ বস বাংলার ঘরে পা রাখতেই তুলকালাম! প্রথম দিনেই কোন ‘মাস্টারস্ট্রোক’ খেলেন ওয়াইল্ড কার্ড রাজবীর?

বিগ বস বাংলার ঘরে প্রতিযোগীরা আসেন নানা কৌশল ও ব্যক্তিত্ব নিয়ে, কিন্তু রাজবীর দে-র প্রবেশ শুরু থেকেই সম্পূর্ণ অন্য সুরের বার্তা দিয়েছে। শো-তে পা রেখেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, এই ঘরের সমীকরণ বদলাতে তাঁর মূল অস্ত্র হতে চলেছে প্রেম ও আকর্ষণ। প্রথম দিনেই বিদেশি মডেল-অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরের সঙ্গে তাঁর সখ্য নজর কেড়েছে। রাতের বেলায় পাশাপাশি বসে দীর্ঘক্ষণ আড্ডার পর আলেকজান্দ্রার চোখের প্রশংসা করে রাজবীর বলেন, ‘ইউ হ্যাভ লাভলি আইজ’। ভাঙা বাংলায় মানিয়ে নেওয়া আলেকজান্দ্রার সঙ্গে তাঁর এই রসায়ন মুহূর্তেই পারদ চড়িয়েছে।

তবে এখানেই থেমে থাকেননি রাজবীর। জনপ্রিয় অভিনেত্রী সৃজলা গুহের সঙ্গে কথোপকথনেও উঠে আসে প্রেমের প্রসঙ্গ। সৃজলাকে নিয়ে এমন মন্তব্য করা হয়, যা নিয়ে ঘরে এবং বাইরে শুরু হয়েছে জোর চর্চা। অন্যদিকে সৃজলার সঙ্গে তাঁর কথোপকথনে ব্রেকআপের প্রসঙ্গও টেনে আনেন তিনি। অতীতে ‘Peter England Mr India 2017’ খেতাব জয়ী এবং এমটিভি রোডিজ খ্যাত রাজবীর মডেলিং ও অভিনয়ের দুনিয়া পেরিয়ে এবার রিয়্যালিটি শোয়ের মঞ্চে নিজের পজিশন পাকা করতে শুরু করেছেন। ‘উদান’, ‘কসৌটি জিন্দেগি কে ২’-এর মতো জনপ্রিয় প্রজেক্টে কাজ করা রাজবীর জানেন কীভাবে ক্যামেরা নিজের দিকে টানতে হয়।

এর আগে প্রথম সপ্তাহের এলিমিনেশনে অনিন্দ্য সেনগুপ্তের বিদায়ের পর প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে ঘরে প্রবেশ করেন রাজবীর। আর এসেই তিনি যেভাবে আলেকজান্দ্রা ও সৃজলার মতো প্রতিযোগীদের সঙ্গে মেলামেশা শুরু করেছেন, তাতে তাঁর ‘লাভিবয়’ ইমেজ অনেকটাই স্পষ্ট। অতীতে সৃজলার সম্পর্কের ইতিহাস এবং আলেকজান্দ্রার বাঙালি হয়ে ওঠার জার্নি মিলিয়ে এই নতুন সমীকরণ দর্শকদের কৌতুহল দ্বিগুণ করে দিয়েছে। রাজবীরের এই কৌশল কি শুধুই মজার ছলে, নাকি এটি তাঁর গভীর গেম প্ল্যানের অংশ? উত্তর লুকিয়ে রয়েছে আগামী পর্বগুলোর মুন্সিয়ানায়।